দেবহাটায় টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি
সংবাদদাতা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পারুলিয়া ট্রেড স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সম্পাদক অধ্যাপক রাজু আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি ও মাঠ সংগঠক গোলাম হোসেন।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার ওপর জোর দেন। পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নদীর পাশাপাশি জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং সরকারি খালগুলো পুনঃখননের দাবি জানানো হয়।
জলাবদ্ধতা দূরীকরণে ‘টিআরএম’ (টিডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার দাবি জানিয়ে বক্তারা বলেন, কেবল নদী বা খাল খনন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ দ্রুত পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালু করে জোয়ারের পলিযুক্ত পানি নির্দিষ্ট বিলে আবদ্ধ করে পলি ফেলা এবং ভাটার টানে নদীর নাব্য বজায় রাখাই একমাত্র টেকসই পথ। দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ করা না হলে প্রতিবছর কৃষি জমি ও লোকালয় প্লাবিত হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।









