দেবহাটায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরকালে তিনি হাসপাতাল পরিদর্শন, প্রশাসনিক মতবিনিময় ও সড়ক উন্নয়ন কাজ পর্যালোচনা করেন।
বুধবার দুপুর ১২টায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন। দুপুর ২টায় তিনি উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে সভায় উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজ ত্বরান্বিত করার আলোচনা হয়।
পরে বেলা ৩টায় সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। বিকেল ৪টায় সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের চলমান উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন। কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার নির্দেশ দেন। দিনের শেষভাগে তিনি উপজেলা জামায়াতের একটি সাংগঠনিক বৈঠকে যোগ দেন।
কর্মসূচিগুলোতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক উপস্থিত ছিলেন।












