দেবহাটায় ১১ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি (এমআর ক্যাম্পেইন ২০২৬) সফল করতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। উপজেলায় মোট ১১ হাজার ১৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১০ হাজার ৬৪ জন এবং স্কুল পর্যায়ে ১ হাজার ১০০ জন শিশু এই টিকার আওতায় আসবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিয়া লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা।









