রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে পৌঁছেছে ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ
দেশে পৌঁছেছে ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি।

অপর বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।

এদিকে, ৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।

Ads small one

শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোড শেডিংয়ের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০মে)বিকাল ৫টায় শ্যামনগর পৌরসভার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলাবাসী,উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টীমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জাহিদ হোসেন, ভূরুলিয়া ইয়ুথ সোসািটির পরিচালক রুহুল আমীন, নিরাপদ উপকূল চাই নিউচার সভাপতি মোমিনুর রহমান, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, উপজেলা রিপোর্টাস ক্লাব সভাপতি এস কে সিরাজ প্রমুখ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী, শিক্ষাথী সহ অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন গ্রীস্ম কালের শুরুতেই শ্যামনগর পৌরসভা সহ গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।  দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার পরও ভূতুড়ে বিল হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।  হাসপাতালে রোগীদের ভোগান্তি হচ্ছে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে।  বক্তারা এ সময় কয়েকটি দাবী তুলে ধরেন। দাবী সমূহের মধ্যে রয়েছে বিদ্যুতের ভূতুড়ে বিল তৈরী বন্ধ করা,পাওয়ার স্টেশন ৩৩ কেভি থেকে ১০০কেভিতে উন্নীত করণ,বিদ্যুৎ অফিসে অনৈতিক বাণিজ্য বন্ধ করা, গ্রাহক সেবায় হট লাইন চালু করা সহ অন্যান্য দাবী।  এ সময় তারা শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম, এজিএমকে প্রত্যাহারের দাবী জানান।

এদিকে পল্লী বিদ্যুৎ শ্যামনগরের ডিজিএম জিয়াউল হক বলেন, শ্যামনগরে পৌনে এক লাখ গ্রাহকের জন্য মাত্র ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে।  তবে প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনে প্রাকৃতিক দূর্যোগ ও বিভিন্ন কারণে লাইন ফল্ট হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।  তিনি বলেন শ্যামনগর -কালিগঞ্জ এর মধ্যবতী স্থানে একটি গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হলে এ সমস্যার সমাধান হবে আশা করা যায়।

পাঁচ দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
পাঁচ দিনের ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক: মিয়ানমারের জান্তা প্রধান থেকে দেশটির প্রেসিডেন্ট হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সফরে শনিবার (৩০ মে) ভারতে গিয়েছেন মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পাঁচ দিনের এ সফরে প্রেসিডেন্ট হ্লাইং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। খবর রয়টার্স ও দ্য প্রিন্টের।

 

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল হ্লাইং। তারপর থেকে গত পাঁচ বছর ধরে মিয়ানমারের সামরিক নেতৃত্ব থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল প্রতিবেশী কয়েকটি দেশ।

 

কিন্তু বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর হ্লাইং আঞ্চলিক সম্পৃক্ততা আবার ফিরে পাচ্ছেন; তার ভারত সফর এমনটিই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভারতের জন্য হ্লাইংয়ের এ সফর মিয়ানমারের ওপর চীনের বিশাল প্রভাব কমানোর একটা সুযোগ।

 

মিয়ানমারে গুরুত্বপূর্ণ বিরল খনিজমাটির মজুতে প্রবেশাধিকার নিশ্চিত করতে ও ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে দেশটির সঙ্গে কাজ করছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের জানান, ভারত ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের পরিধির অংশ সব বিষয় আলোচনায় আসবে।

 

ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হোসে রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে বেসামরিক পোশাক পরার পর মিন অং হ্লাইং ওই অঞ্চলজুড়ে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে চাইছেন। থাইল্যান্ড ও আরও কিছু সদস্য দেশের সমর্থন নিয়ে তিনি আসিয়ানের সঙ্গে আরও স্বাভাবিক মিত্রতা আশা করছেন। তিনি শিগগিরই শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিং সফরে যেতে পারেন।

খুলনার সোনাডাঙ্গায় মিলল নানী ও দুই নাতির মরদেহ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
খুলনার সোনাডাঙ্গায় মিলল নানী ও দুই নাতির মরদেহ

অনলাইন ডেস্ক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

নিহতরা হলেন বেবি (৬৫), তার নাতি মুস্তাকিম (৭) ও শামীম (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর খবর দিলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে রাকিব খান নামে এক যুবককে এলাকায় দেখা যাচ্ছে না। তবে তার সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

 

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

পুলিশ আরও জানায়, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সেগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।