ক্ষুদীরাম দাস
এক.
বাংলাদেশের লেখকদের জীবন ও সাহিত্যসাধনা কেবল কলম ও কাগজের মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে দীর্ঘশ্বাসে ভরা এক করুণ ইতিহাস। সমাজ, পরিবার ও রাষ্ট্রের নানা বাস্তবতার মধ্য দিয়ে সেই ইতিহাস প্রকাশিত হয়। সাহিত্যের আলো ছড়াতে গিয়ে একজন লেখককে নিজের ঘরেই যে অবমূল্যায়ন, অপমান ও অবহেলার মুখোমুখি হতে হয়, তা তাঁর হৃদয়কে ক্ষতবিক্ষত করে।
নিশুতি রাতে প্রদীপ জ্বেলে শব্দ ও বাক্যের গাঁথুনিতে সমাজের অসংগতি কিংবা মানুষের না-বলা বেদনা তুলে ধরতে গিয়ে লেখক অনেক সময় নিজের চেনা জগৎকেই সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে আবিষ্কার করেন। আমাদের সমাজে সৃজনশীলতাকে এখনো শৌখিনতা কিংবা সময়ের অপচয় হিসেবে দেখা হয়। অর্থনৈতিক সচ্ছলতা ও বস্তুগত সাফল্য যখন মানুষের যোগ্যতার প্রধান মাপকাঠি, তখন একজন সাহিত্যিকের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। ফলে পরিবারের কাছেও তিনি হয়ে ওঠেন ‘অকর্মা’, ‘অবাস্তববাদী’ কিংবা ‘সংসারবিমুখ’ মানুষ।
সংসারের অভাব-অনটন, সন্তানের চাহিদা পূরণ করতে না পারার গ্লানি এবং প্রিয়জনদের তির্যক দৃষ্টি একজন লেখকের সৃষ্টিশীলতাকে স্তব্ধ করে দিতে পারে। পরিবারের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজেও তাঁর জন্য অপেক্ষা করে উদাসীনতা ও অবজ্ঞা। প্রকাশকের দ্বারে দ্বারে পাণ্ডুলিপি নিয়ে ঘোরা, নামমাত্র সম্মানী কিংবা সম্মানী না পাওয়ার বেদনা এবং পাঠকের রুচির সংকীর্ণতা একজন সাহিত্যিককে ভেতর থেকে নিঃশেষ করে দেয়।
সমাজের বিত্তশালী ও প্রভাবশালী মহলের কাছে একজন লেখক অনেক সময় করুণার পাত্র হয়ে ওঠেন। তাঁর চিন্তার গভীরতা কিংবা দর্শনের চেয়ে অর্থ ও ক্ষমতার জৌলুসই সেখানে বেশি মূল্যবান। অথচ সমাজের বিবেক জাগ্রত করতে একজন লেখক নিজের যৌবন, স্বাস্থ্য ও পার্থিব সুখ বিসর্জন দেন।
সবচেয়ে নির্মম বাস্তবতা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব এবং মতপ্রকাশের স্বাধীনতার সংকট। রাষ্ট্র অনেক সময় লেখকদের স্তাবক হিসেবে দেখতে চায়। যে লেখক সত্যের পথে অবিচল থেকে অন্যায় কিংবা রাষ্ট্রীয় ব্যর্থতার সমালোচনা করেন, তাঁর ভাগ্যে জোটে বঞ্চনা, লাঞ্ছনা কিংবা অদৃশ্য নিষেধাজ্ঞা। অনেক গুণী সাহিত্যিক নিভৃতে, বিনা চিকিৎসায় কিংবা চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেন। অথচ মৃত্যুর পর তাঁদের ঘিরেই আয়োজন করা হয় শোকসভা, সংবর্ধনা ও স্তুতিবাক্য। এভাবেই যুগে যুগে অসংখ্য লেখক অবহেলা, একাকিত্ব ও বঞ্চনা সয়েও সাহিত্যের মশাল জ্বালিয়ে রেখেছেন।
দুই.
বাংলাদেশের লেখকদের জীবন ও সাহিত্যসাধনার অন্যতম বেদনাদায়ক দিক হলো আপনজনের কাছ থেকে অবমূল্যায়ন। বাইরের মানুষের উপেক্ষা হয়তো একজন লেখক সহজে সহ্য করতে পারেন, কিন্তু নিজের ঘরের মানুষের অসম্মান তাঁকে গভীরভাবে আঘাত করে। অনেক ক্ষেত্রে এই অবহেলা আসে জীবনসঙ্গী ও সন্তানদের কাছ থেকেই।
প্রেমের দিনগুলোতে যে মানুষটি লেখকের গল্প-কবিতায় মুগ্ধ ছিলেন, সংসারের বাস্তবতায় সেই মানুষটিই একসময় লেখালেখিকে বিরক্তির কারণ হিসেবে দেখতে পারেন। সংসারের নিত্যদিনের চাহিদা, আর্থিক সংকট ও দায়িত্বের চাপে কবিতার ছন্দ কিংবা গল্পের কল্পজগৎ তখন অর্থহীন মনে হতে থাকে। ভালোবাসার জায়গায় ধীরে ধীরে জন্ম নেয় তিক্ততা, অবজ্ঞা ও অসন্তোষ।
একজন লেখক তাঁর লেখায় সমাজ, সংসার, প্রেম, ভালোবাসা, দুঃখ-কষ্ট, মানবিকতা ও নৈতিকতার নানা দিক তুলে ধরেন। সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক দায়িত্ব এবং মানুষের জীবনবোধ নিয়ে তিনি লিখলেও তাঁর সবচেয়ে কাছের মানুষটি হয়তো সেই লেখা পড়েন না। ফলে লেখকের চিন্তা, অনুভূতি ও দর্শনের সঙ্গে তাঁদের পরিচয় কতটুকু, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
আবার লেখকের লেখায় প্রকাশিত আদর্শ ও বাস্তব জীবনের আচরণের মধ্যে কতটা মিল রয়েছে, সেটিও বিবেচনার বিষয়। হতে পারে, জীবনসঙ্গী লেখাগুলো পড়েন না বলেই লেখকের কথার সঙ্গে কাজের অমিল সম্পর্কে অবগত নন। কিংবা লেখকের ব্যক্তিগত আচরণ ও লেখার মধ্যে এতটাই ব্যবধান যে তাঁর লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।
যাঁরা লেখালেখিকে জীবনের ব্রত হিসেবে বেছে নেন, তাঁদের অধিকাংশের আয় সীমিত। সেই আয় দিয়ে সংসারের ন্যূনতম চাহিদা পূরণ করতে না পারলে লেখককে প্রতিনিয়ত আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। বাড়তি উপার্জনের চেষ্টা না করে চাকরি বা পেশার বাইরে পুরো সময় লেখালেখি ও পড়াশোনায় ব্যয় করতে চান অনেকেই। পরিবারের চোখে এই সাধনা তখন দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে বিবেচিত হয়।
সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদ যখন চারপাশ থেকে আসতে থাকে, তখন লেখার টেবিল আর নিরাপদ আশ্রয় থাকে না; হয়ে ওঠে মানসিক চাপ ও দ্বন্দ্বের জায়গা। পরিবারের পক্ষ থেকে ধেয়ে আসে নির্মম প্রশ্ন—
‘চাহিদা পূরণ করতে পারবে না তো বিয়ে করেছিলে কেন?’
‘সন্তানের সম্ভব-অসম্ভব সব চাহিদা মেটাতে পারবে না তো বাপ হয়েছিলে কেন?’
‘অভিজাত সমাজের একজন হতে পারোনি কেন?’
‘ঘুষ-দুর্নীতি করতে পারো না কেন?’
অর্থের দাপটে সমাজে দুর্নীতিবাজ ও অসৎ মানুষের সম্মান বাড়ে। অথচ অর্থাভাবে ধুঁকতে থাকা একজন সৎ লেখককে শুনতে হয়—‘তুমি কেন সততার কথা ভাবো?’
তিন.
যাঁরা লেখালেখির জগতে সম্পূর্ণ অখ্যাত, যাঁদের লেখা পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ সীমিত, তাঁদের সাহিত্যচর্চার মূল্যায়ন হয় খুব কম। সমাজ তো বটেই, অনেক সময় সংসারের মানুষের কাছেও তাঁদের লেখালেখির গুরুত্ব থাকে না। সৃষ্টিশীলতাকে নিছক সময়ের অপচয়, অলসতা কিংবা অর্থহীন কাজ হিসেবে দেখা হয়। যত পরিশ্রম ও নিষ্ঠা নিয়েই তাঁরা লিখুন না কেন, স্বীকৃতি দেওয়ার মতো মানুষ খুব কমই পাওয়া যায়।
তাঁদের লেখা কেউ পড়তে চায় না, সৃষ্টিশীলতাকে গুরুত্ব দিতে চায় না। লেখক হয়ে ওঠার স্বপ্নটিও অনেক সময় হাসি-ঠাট্টা ও তুচ্ছতাচ্ছিল্যের বিষয় হয়ে দাঁড়ায়। সংসার কিংবা সমাজের চোখে তাঁরা যেন অপদার্থ ও অলস মানুষ, যাঁদের জীবনে লেখালেখি ছাড়া আর কোনো কাজ নেই।
অন্যদিকে, কিছুটা পরিচিতি কিংবা দু-একটি পুরস্কার-সম্মাননা পাওয়া লেখকদের অবস্থাও খুব একটা ভিন্ন নয়। তাঁরা সাহিত্যসভায় আমন্ত্রিত হন, পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়, কখনো পুরস্কার কিংবা সম্মাননা পান। কিন্তু এসব অর্জন তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে খুব বেশি পরিবর্তন আনে না। সমাজের একাংশ তাঁদের লেখার প্রশংসা করলেও বাস্তব জীবনে যথাযথ মূল্যায়ন করতে চায় না। অনেক সময় সাফল্যকেও কটাক্ষের চোখে দেখা হয়।
একজন লেখক অখ্যাত থাকুন কিংবা কিছুটা পরিচিতি অর্জন করুন, তাঁর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন খুব একটা ঘটে না। লেখালেখির মাধ্যমে মানুষের চিন্তা, জীবনবোধ ও সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করলেও নিজের প্রাপ্য সম্মানটুকু অনেক সময় অধরাই থেকে যায়।
অথচ প্রতিটি লেখার পেছনে থাকে দীর্ঘ চিন্তা, গভীর পর্যবেক্ষণ, ব্যক্তিগত অভিজ্ঞতা, মানসিক শ্রম ও অসংখ্য না-বলা অনুভূতি। সেই শ্রম ও সাধনার মূল্যায়ন না করে পরিচিতি, জনপ্রিয়তা কিংবা পুরস্কারের ভিত্তিতে একজন লেখকের যোগ্যতা বিচার করা যথার্থ নয়। শেষ পর্যন্ত অখ্যাত ও পরিচিত—উভয় লেখককেই অবহেলা, অবমূল্যায়ন ও তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে লড়াই করে সৃষ্টিশীলতার চর্চা চালিয়ে যেতে হয়।
পুরস্কারের ক্রেস্ট কিংবা সার্টিফিকেটের ঝলকানি দিয়ে তো আর চাল-ডাল কেনা যায় না! জীবনের বাস্তবতা বড় কঠিন। বাজারের থলে যখন শূন্য থাকে, ঘরের মানুষের মুখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট হয়ে ওঠে, তখন কোনো পুরস্কার কিংবা সম্মাননার মূল্য কতটুকু থাকে, তা সহজেই অনুমেয়।
একজন লেখক দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার অর্জন করতে পারেন। তাঁর নামের পাশে যুক্ত হতে পারে একাধিক সম্মাননা, পদক কিংবা স্বীকৃতি। কিন্তু দিনশেষে সেই ক্রেস্ট বা সার্টিফিকেট দিয়ে পরিবারের জন্য এক কেজি চাল, ডাল কিংবা বাজারসদাই কেনা সম্ভব না হলে অর্জনের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। শোকেসে সাজানো সম্মাননা পরিবারের অভাব দূর করতে পারে না।
সন্তানের পড়াশোনা, চিকিৎসা, ঘরভাড়া, বাজারসদাইসহ সংসারের নানা ব্যয় মেটাতে অর্থের প্রয়োজন। একজন লেখকের সাহিত্যিক পরিচিতি যত বড়ই হোক, এসব দায়িত্ব থেকে তিনি মুক্ত নন। এমনকি বড় কোনো পুরস্কার অর্জন করলেও আর্থিক নিরাপত্তা না থাকলে জীবনের বাস্তব সংকট কাটিয়ে ওঠা কঠিন।
পুরস্কার ও সম্মাননা একজন লেখকের জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার বিষয়। দীর্ঘদিনের সাধনার স্বীকৃতি তাঁর সৃষ্টিশীলতাকে আরও উৎসাহিত করতে পারে। কিন্তু সেই স্বীকৃতি যদি ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে আনন্দের পাশাপাশি অসহায়ত্বও তাঁকে ঘিরে ধরে। লেখকও রক্ত-মাংসে গড়া মানুষ; তাঁর ক্ষুধা আছে, পরিবারের প্রতি দায়িত্ব আছে, সামাজিক ও পারিবারিক চাহিদা আছে।
আমাদের সমাজে লেখকের সাহিত্যিক অবদানকে সম্মান জানানো হলেও তাঁর সৃষ্টিশীল শ্রমের আর্থিক মূল্যায়নে অনীহা দেখা যায়। পাঠক তাঁর লেখা পড়ে আনন্দ পান, অনুপ্রেরণা লাভ করেন; অথচ লেখকের জীবন কতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটছে, সেই খবর অনেকেই রাখেন না। ফলে একজন লেখক সাহিত্যিক স্বীকৃতির পাশাপাশি সংসারের আর্থিক সংকটের সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করেন।
যে মানুষটি নিজের লেখার মাধ্যমে অন্যের মনোজগৎ সমৃদ্ধ করেন, নিজের জীবনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রেই তাঁকে অসহায় হয়ে পড়তে হয়। তাই একজন লেখকের প্রকৃত সম্মান কেবল শোকেসে সাজানো পুরস্কার কিংবা সার্টিফিকেটের সংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়। তাঁর সৃষ্টিশীল শ্রমের যথাযথ মূল্যায়ন, লেখার ন্যায্য পারিশ্রমিক এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। কারণ ক্ষুধার্ত মানুষের কাছে সম্মাননার চেয়ে খাবার বেশি প্রয়োজনীয়। সংসারের অভাবের কাছে পৃথিবীর সর্বোচ্চ পুরস্কারের জৌলুসও অনেক সময় ম্লান হয়ে যায়।
চার.
বর্তমান সমাজে সততার যেন কোনো বাজারমূল্য নেই। অর্থই অনর্থের মূল হোক কিংবা না হোক, অর্থই যে সমাজের একমাত্র আরাধ্য হয়ে উঠছে, তা বলাই বাহুল্য। কে কীভাবে অর্থ উপার্জন করছে, সেই অর্থের উৎস কতটা স্বচ্ছ কিংবা সম্পদ অর্জনের পেছনে কত মানুষের অধিকার হরণ করা হয়েছে—এসব প্রশ্ন যেন ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
ঘুষ, দুর্নীতি কিংবা মানুষের অধিকার কেড়ে নিয়ে যারা বিপুল সম্পদের মালিক হন, সমাজে অনেক সময় তাঁদেরই কদর বাড়ে। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, প্রভাব-প্রতিপত্তি ও অর্থের দাপট দেখে মানুষ মুগ্ধ হয়। সামাজিক অনুষ্ঠানে তাঁরা বিশেষ অতিথি হন, তাঁদের কথাকে গুরুত্ব দেওয়া হয়, তাঁদের সামনে অনেকেই সমীহ করে কথা বলেন। অথচ সম্পদের পেছনে লুকিয়ে থাকা অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলার মানুষ কম।
অর্থ ও ক্ষমতার জোরে তাঁরা সমাজের চোখে সম্মানিত ব্যক্তিতে পরিণত হন। বর্তমান বাস্তবতায় অর্থের পরিমাণই যেন মানুষের যোগ্যতা ও সামাজিক মর্যাদা নির্ধারণের প্রধান মাপকাঠি। একজন মানুষ কতটা সৎ, মানবিক কিংবা অন্যের অধিকার রক্ষায় আন্তরিক—তার চেয়ে বড় হয়ে উঠছে ব্যাংক ব্যালান্স, সম্পদের পরিমাণ ও জীবনযাপনের বাহ্যিক জৌলুস।
অন্যদিকে, একজন লেখক রাতের পর রাত জেগে একটি পঙ্ক্তি নিখুঁত করার চেষ্টা করেন। নিজের চিন্তা, মেধা ও সৃজনশীলতা দিয়ে সমাজকে কিছু দেওয়ার স্বপ্ন দেখেন। অথচ তাঁর ভাগ্যে জোটে না সামান্য স্বীকৃতিও। যিনি অন্যের অধিকার হরণ না করে, প্রতারণা না করে সৎভাবে বেঁচে থাকার পণ করেন, তাঁকেই জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
নীতিতে অটল থাকতে গিয়ে তাঁকে অনেক সুযোগ হারাতে হয়, প্রলোভন প্রত্যাখ্যান করতে হয়, কখনো ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত হতে হয়। অথচ সমাজ তাঁর সততা ও আত্মমর্যাদাকে মূল্য দিতে চায় না। বরং তাঁকে বোকা, অযোগ্য কিংবা বাস্তবতাবিবর্জিত মানুষ হিসেবে বিবেচনা করা হয়।
সবচেয়ে দুঃখজনক হলো, অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে অস্বীকার করা মানুষটি সমাজের চোখে অনেক সময় করুণার পাত্র হয়ে ওঠেন। পরিবারের সদস্যরাও তাঁর সীমিত আয়, আর্থিক অনিশ্চয়তা ও অপূর্ণ চাহিদার মুখোমুখি হয়ে হতাশ হন। তাঁদের মনে প্রশ্ন জাগে—অন্যদের মতো অসৎ পথে কিছু অর্থ উপার্জন করলে কি জীবনের কষ্টগুলো কমে যেত?
এ ধরনের প্রশ্ন একজন সৎ মানুষের বিবেককে আরও ভারাক্রান্ত করে তোলে। কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য নীতিবোধ বিসর্জন দিয়ে অন্যের অধিকার হরণ কিংবা দুর্নীতির সঙ্গে আপস করলে বাহ্যিক জৌলুস অর্জন করা গেলেও আত্মিক প্রশান্তি পাওয়া যায় না। অন্যের কান্না, বঞ্চনা ও দীর্ঘশ্বাসের ওপর গড়ে ওঠা সম্পদ বিলাসী জীবন দিতে পারে, প্রকৃত সম্মান নয়।
একটি সমাজের সাফল্য কি কেবল বিত্তবান মানুষের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, নাকি মানুষের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ দিয়েও তার বিচার হওয়া উচিত? যে সমাজে দুর্নীতিবাজরা সম্মানের আসনে বসেন আর সৎ মানুষ অবহেলা, উপহাস ও বঞ্চনার শিকার হন, সেই সমাজের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অর্থ দিয়ে অট্টালিকা নির্মাণ করা যায়, ক্ষমতা কেনা যায়, মানুষের আনুগত্য অর্জন করা যায়; কিন্তু প্রকৃত শ্রদ্ধা, আত্মমর্যাদা ও বিবেকের প্রশান্তি কেনা যায় না।
লেখকদের অভাব-অনটন ও অবমূল্যায়নের এই গল্প কোনো কল্পকাহিনি নয়; এটি সমাজের নির্মম বাস্তবতা। চারপাশের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য ও বঞ্চনা সহ্য করেও একজন প্রকৃত লেখক তাঁর কলম থামিয়ে দেন না। সংসারের অভাব তাঁকে বিপর্যস্ত করে, আপনজনের অসন্তোষ মানসিকভাবে আঘাত দেয়, সমাজের অবজ্ঞা আত্মবিশ্বাস নড়বড়ে করে তোলে। তবুও তিনি লিখে যান।
কারণ লেখালেখি তাঁর কাছে কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়; এটি আত্মপ্রকাশের ভাষা, অস্তিত্বের পরিচয় এবং অন্তরের অনিবার্য তাগিদ। তিনি জীবনের অভিজ্ঞতা, মানুষের সুখ-দুঃখ, সমাজের অসংগতি, বঞ্চিত মানুষের আর্তনাদ ও নিজের অনুভূতিগুলো শব্দের মাধ্যমে তুলে ধরতে চান। অনেক সময় নিজের কষ্ট আড়াল করে অন্যের কষ্টের গল্প লেখেন, নিজের অভাব ভুলে অন্যের স্বপ্ন ও সম্ভাবনার কথা প্রকাশ করেন।
তাঁর কলমে স্থান পায় এমন মানুষের কথা, যাদের কথা বলার কেউ নেই, যাদের বেদনা শোনার শ্রোতা নেই, যাদের জীবনসংগ্রাম সমাজের চোখে গুরুত্বহীন। অভাব ও অপমানের মধ্যেও যারা কলম ধরে রাখেন, সৃষ্টিশীল সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, তাঁদের এই আত্মত্যাগ কোনো সাধারণ বিষয় নয়।
তাঁদের জীবনের প্রতিটি দিন যেন একেকটি সংগ্রাম—একদিকে ক্ষুধা, দারিদ্র্য ও সংসারের দায়িত্ব; অন্যদিকে লেখালেখির প্রতি গভীর ভালোবাসা ও অদম্য আকর্ষণ। অর্থের অভাবে প্রয়োজনীয় বই কেনা হয় না, সময়ের অভাবে লেখা শেষ করা যায় না, পরিবারের চাহিদা মেটাতে গিয়ে সৃষ্টিশীলতার জন্য বরাদ্দ সময়টুকুও বিসর্জন দিতে হয়। তবুও সুযোগ পেলেই তাঁরা আবার কলম হাতে তুলে নেন। কারণ লেখা তাঁদের কাছে কেবল অভ্যাস নয়, বেঁচে থাকার এক গভীর অবলম্বন।
পাঁচ.
জীবদ্দশায় হয়তো তাঁরা যথাযথ সম্মান পান না, তাঁদের দারিদ্র্য ও দুর্দশার খবর কেউ রাখে না, এমনকি পরিবারের কাছেও সাহিত্যসাধনার মূল্য সামান্য। কিন্তু সময়ের প্রবাহে তাঁদের সৃষ্টিকর্মই একদিন মূল্যবান হয়ে ওঠে। তাঁদের লেখা ভবিষ্যৎ প্রজন্মকে ভাবতে শেখায়, সমাজের অসংগতি সম্পর্কে সচেতন করে এবং মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে।
অথচ সেই সৃষ্টির পেছনে যে মানুষটির নির্ঘুম রাত, অপূর্ণ চাহিদা, ক্ষুধা, অপমান ও অসংখ্য আত্মত্যাগ জড়িয়ে থাকে, তাঁর জীবনের হিসাব অনেক সময় ইতিহাসের পাতায়ও যথাযথভাবে স্থান পায় না। সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো, একজন লেখকের সৃষ্টিকর্ম হয়তো তাঁকে অমরত্ব দেয়, কিন্তু সেই অমরত্বের মূল্য তাঁকে জীবদ্দশায় চুকাতে হয় নিদারুণ কষ্টের মধ্য দিয়ে।
তাঁর লেখা পাঠকের হৃদয়ে স্থান করে নিলেও নিজের জীবনে স্বস্তি নেমে আসে না। সাহিত্য হয়তো তাঁর নামকে সময়ের সীমানা পেরিয়ে বাঁচিয়ে রাখে, কিন্তু সেই সাহিত্যসাধনা তাঁর ক্ষুধার্ত পেটের আহার জোগায় না, পরিবারের অভাব দূর করে না কিংবা অপমানের ক্ষত মুছে দেয় না।
একজন লেখকের জীবন তাই অনেক সময় অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে—তাঁর সৃষ্টি অমরত্ব লাভ করে, অথচ স্রষ্টা নিজেই জীবনের প্রতিটি মুহূর্তে বঞ্চনা ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে যান।