পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে স্মারকলিপি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানোর পদক্ষেপ গ্রহণ করায় খেলোয়ার, পরিবেশকর্মী, ক্রীড়ামোদী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে দুটি পক্ষের মধ্যে পরস্পর বিরোধী চাপা উত্তেজনাও বিরাজ করছে। এ ঘটনায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানোর চেষ্টা বন্ধ করতে মর্নিংসান স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠটি অবস্থিত। মাঠের পাশ দিয়ে মেইন সড়ক ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মাঠটি এলাকার শিশু-কিশোর, যুবসমাজের খেলাধুলা, শরীরচর্চা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার একমাত্র স্থান। প্রতি বছর মাঠে অন্তঃস্কুল প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি শুধু একটি মাঠ নয় বরং এলাকার তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ, সামাজিক বন্ধন এবং অপরাধমুক্ত পরিবেশ গঠনের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে য়ে, বর্তমানে কিছু লোক ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে পবিত্র ঈধ-উল আযহা উপলক্ষে উক্ত খেলার মাঠে পশুর হাট বসানোর অপচেষ্টা চালাচ্ছে, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। অতিতে কখনোই খেলার মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়নি। প্রতি বছর গদাইপুর বাজারে সুন্দর পরিবেশে কোরবানীর পশু হাট বসে।
উক্ত খেলার মাঠে পশুর হাট বসানো হলে মাঠটি পশুর বর্জ্য, মল-মূত্র ও ময়লা আবর্জনায় দুষিত হয়ে পড়বে। দীর্ঘসময়ের জন্য মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। শিশু- কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে পড়বে, যা শারিরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।
দূর্গন্ধ ও অস্বাস্থকর পরিবেশ সৃস্টি হয়ে পাশের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হবে। মাঠটি খেলাধুলার উপযোগী হিসাবে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীকে এ অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।






