প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বৈঠক শুরু করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
জানা গেছে, উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানে তারা বৈঠকের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।



