মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সহায়ক প‌রি‌বেশের পাশাপা‌শি প্রয়োজন হ‌লে প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ভার‌ত সফ‌রে যা‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন কবির। শ‌নিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা ব‌লেন তি‌নি।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে এবং কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক প্রয়োজনের ওপর নির্ভর করবে।

তি‌নি ব‌লেন, সরকার এখন একটি পূর্ণাঙ্গ সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে বাস্তব প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে, কোনো বাহ্যিক চাপের কারণে নয়।

হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘আমরা কোন দেশে যাব, তা নির্ধারণ করব তখনই; যখন আমরা মনে করব সং‌শ্লিষ্ট দে‌শে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে আমা‌দের যাওয়া প্রয়োজন।’

যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো বড় দেশগু‌লো‌তে সফরের সিদ্ধা‌ন্তের প্রশ্নে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘যখন আমাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে, তখন আমরা যাব। যখন চীন যাওয়া দরকার হবে, আমরা সেখানে যাব। সময় ও পরিস্থিতি অনুকূল হলে এবং প্রয়োজন হলে আমরা ভারতেও যাবো, মধ্যপ্রাচ্যেও সফর হবে। সবকিছুই জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হবে। আমরা কোথায় যাব, সেটা অন্য কেউ নির্ধারণ করবে না। কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার। আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না।’

তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো একক দেশ বা বাইরের কোনো বয়ানের দ্বারা প্রভাবিত নয়। কেউই আমাদের বলে দেবে না কখন বা কোথায় আমাদের যেতে হবে। আমরা কোনো নির্ভরশীল বা সরকারবিরোধী অবস্থান অনুসরণ করি না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আমি শুধু এটুকুই বলব—এই মুহূর্তে বাংলাদেশ সব বড় অংশীদার দেশের সঙ্গে সবচেয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়া—সব ক্ষেত্রেই আমরা ভারসাম্য রেখে এগোচ্ছি। এটি সম্ভব হয়েছে কারণ আমরা দুই-তৃতীয়াংশ ভোটে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। ফলে আমরা এখন শক্ত অবস্থান থেকে কথা বলতে পারি, দর-কষাকষি করতে পারি। গত পনেরো বছরে কোনো সরকার তা পারেনি, কারণ জনগণের আস্থা ও বৈধতা তাদের ছিল না।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘বাংলাদেশ এখন একটি স্বাধীন বৈশ্বিক খেলোয়াড় হিসেবে কাজ করছে এবং জাতীয় স্বার্থকে কেন্দ্র করে সফট পাওয়ার শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। গত কয়েক বছরে আপনারা পরাধীনতার নীতি দেখেছেন। আমরা এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন অবস্থান থেকে কাজ করছি।’

মালয়েশিয়া ও চীন সফরের সিদ্ধান্তের প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, মালয়েশিয়া ও চীন সফর পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তা সফল হবে। মাল‌য়ে‌শিয়া ও চী‌নে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হ‌চ্ছেন ২৭ ও ২৮ জন, প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণ নির্ধারণ করেই এটা ঠিক করা হ‌য়ে‌ছে।

তিনি আরও বলেন, আসন্ন মালয়েশিয়া সফরটি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি মুসলিম দেশে প্রথম সফরগুলোর একটি এবং সেখানে আসিয়ান সদস্যপদ ও শ্রমবাজার প্রসঙ্গে আলোচনা হবে। অন্যদিকে চীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

বি‌দেশ সফ‌রের ব্যয় নি‌য়ে তি‌নি ব‌লেন, সবকিছুই প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়, যাতে জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় হয়। এগুলো অপচয়মূলক সফর নয়, বরং মূল্যভিত্তিক সিদ্ধান্ত।

বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, এখন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার এটি, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

Ads small one

কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া-ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে গোপনে গভর্নিং বডি গঠনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। সোমবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কোনো নিয়ম না মেনে অতি গোপনে একটি মনগড়া কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। গত রোববার এই বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সদুত্তর না দিয়ে বহিরাগত ২০-২৫ জনকে ডেকে এনে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

 

এমনকি অধ্যক্ষ নিজে টেবিলের মগ দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ রাহাজ উদ্দীনকে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও তাঁরা হেনস্তার শিকার হন। অধ্যক্ষের এমন কর্মকা-ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে স্বাস্থ্যসেবা বিষয়ক সংলাপ, সরকারি হাসপাতালের ওপর জোর

পত্রদূত ডেস্ক: শ্যামনগরে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে নেটজ-পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস।

সংলাপে বক্তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা প্রতিষ্ঠানে না গিয়ে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতাপ্রাপ্ত কৃষাণী শঙ্করী রানীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম তরিকুল ইসলাম ও এনজিও সমন্বয় পরিষদের সদস্যসচিব গাজী আল ইমরান। বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় সংবাদের শুরুতে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ।

পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী খাগড়াছড়িতে উদ্ধার, গ্রেপ্তার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে খাগড়াছড়ির রামগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত ইমনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে তাঁদের পাইকগাছায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে পাইকগাছার ঘোষাল এলাকার ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যান খাগড়াছড়ির রামগড় থানার সোনাইপুল গ্রামের ইমনের। কিশোরী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করার পর গতকাল রোববার কিশোরীর মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল রামগড় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রোববার সন্ধ্যা ৭টার দিকে ইমনের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কিশোরীকে উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।