প্রেমের টানে চীন থেকে মনিরামপুরে যুবক
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর): সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে যশোরের মনিরামপুরে এক কিশোরীর সঙ্গে সম্পর্কের দাবিতে চীন থেকে ৪২ বছর বয়সী এক যুবক এসেছেন। উপজেলার ভোজগাতী ইউনিয়নের হুরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুরগাতি গ্রামের এক বাসিন্দার ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনের নাগরিক লিও’র (৪২) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে যোগাযোগ তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরেই লিও বাংলাদেশে এসে হুরগাতি গ্রামে পৌঁছান। চীনা নাগরিক গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়। তাঁকে দেখতে স্থানীয় অনেকে ভিড় জমান।
তবে কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটির বয়স মাত্র ১৩ বছর এবং সে স্কুলে পড়াশোনা করছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে বিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবারের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। ভিন্ন দেশ ও সংস্কৃতির একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের সঙ্গে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর যোগাযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সম্মতি না থাকায় ওই চীনা নাগরিক পরবর্তীতে মনিরামপুর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।












