বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বিএনপির মহাসচিব ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
বিএনপির মহাসচিব ও মন্ত্রিত্ব ছাড়লেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দলের মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। দলীয় প্রধানের দায়িত্ব ও মন্ত্রিপরিষদের পদ ছেড়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। আজই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

Ads small one

গ্যাস সংকটে নাকাল রাজধানী, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
গ্যাস সংকটে নাকাল রাজধানী, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আংশিক এলএনজি সরবরাহ শুরু হলেও সামিটের টার্মিনালে গ্যাস প্রবাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে সামগ্রিক সরবরাহ বাড়েনি। এর ফলে দেশের সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময় সিএনজিতে গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনগুলোতে ব্যক্তিগত গাড়ি, অফিস ও রাইড শেয়ারিংয়ের গাড়ি এবং সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো গ্যাস পাচ্ছেন না চালকরা। বিশেষ করে অটোচালক এবং রাইড শেয়ারিংয়ের গাড়িচালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

বেশিরভাগ সিএনজি স্টেশনে সকালে ১-২ ঘণ্টা স্বল্পচাপে কিছু গ্যাস মিললেও এরপর সন্ধ্যা পর্যন্ত পাম্প বন্ধ থাকছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় স্টেশনগুলোর বেচাকেনাও তলানিতে নেমেছে। অনেক স্টেশনে মাত্র একটি ডিসপেনসার থেকে ১-২ ঘণ্টা বিরতি দিয়ে গ্যাস বিক্রি করা হচ্ছে, যেখানে চালকরা বাধ্য হয়ে মাত্র ৫০ থেকে ১৫০ টাকার গ্যাস নিচ্ছেন।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে আমদানি করা এলএনজির সরবরাহ চলছে সক্ষমতার অর্ধেকেরও কম। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির টার্মিনালটি মেরামতের পর ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করলেও, সামিটের টার্মিনাল থেকে সরবরাহ সাড়ে ৫০০ মিলিয়ন থেকে কমে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। ফলে স্থানীয় গ্যাসসহ মোট সরবরাহ এখন ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। সারা বছরই গ্যাসের কিছুটা ঘাটতি থাকলেও গত ২১ জুলাই থেকে এই সংকট চরমে রূপ নিয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। যার ফলে শিল্প ও পরিবহন খাতসহ অন্যান্য খাতে গ্যাসের ঘাটতি আরও তীব্র আকার ধারণ করেছে।

দুই ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
দুই ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠকে তিনটি পৃথক কমিশনের সুপারিশের ওপর নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে কমিটি।

নতুন এই বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানো হচ্ছে না। তবে জীবন যাত্রার মান ও মুদ্রাস্ফীতি বিবেচনায় বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি।

এছাড়া প্রস্তাবিত নতুন এই পে স্কেল একবারে নয়, বরং দুই ধাপে বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে।

প্রথম ধাপ: সরকারের পক্ষ থেকে কেবল সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে।

দ্বিতীয় ধাপ: পরবর্তীতে ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিব কমিটির এক সদস্য জানান, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদনগুলো সামগ্রিকভাবে পর্যালোচনা করেই এই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

সচিব কমিটির এই পর্যালোচনার ভিত্তিতে এখন প্রস্তাবনাটি মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটির কাছে পাঠানো হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বৈঠক শুরু করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

জানা গেছে, উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।

বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানে তারা বৈঠকের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।