বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: একাত্তরের রণাঙ্গনের বীর সেনানি এবং খুলনা জেলা দক্ষিণ অঞ্চলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অধ্যক্ষ আবুল কালাম আজাদ মারা গেছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আসর নামাজের পর বাঁকা স্কুল মাঠে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রবীণ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা দক্ষিণ অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট স. ম বাবর আলী, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরে কৃষ্ণ দাশ এবং পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন গাজীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়া পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, রাড়ুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস. এম নাজির আহমেদ এবং জামায়াতে ইসলামীর খুলনা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমিন সানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্বাধীনতার পর প্রথমে ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাঁকা শহীদ কামরুল স্কুলের প্রতিষ্ঠাতা এবং ২২ বছর সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট স্কুলে প্রায় ১৫ বছর অধ্যক্ষের দায়িত্ব পালনসহ পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।










