রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভুল করলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ভুল করলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ভুল করলে জনগণ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। তারা কাউকে ক্ষমাও করে না। আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কারণে কখনো যেন তা ক্ষতিগ্রস্ত না হয়।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। তারা প্রত্যাশা করে, আপনারা যে প্ল্যানিংগুলো করবেন,কাজগুলো করবেন তা যেন জনশক্তির কাজের লাগে। নিঃসন্দেহে আপনারা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সেটা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এ বিষয়গুলোর দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি। যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।

সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যানস প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সব প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

Ads small one

দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘আর-রাহমা’ পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির যাত্রা শুরু হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের সন্তানেরা নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) রাত ৮টায় বাঁকাল মার্কাজ মসজিদের সামনে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শেখ মমতাজ উদ্দীন মম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মো. সুরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মীর মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া হোসেন, কোষাধ্যক্ষ সাদিক উদ্দীন, সদস্য আবু হুরাইরা, আবু মুসাসহ এসময় ৯টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাছ-মাংসের বাজার চড়া, সবজিতেও স্বস্তি নেই

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রে গত দুই সপ্তাহ ধরে মাছ, মাংস, ডিম ও সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ও সীমিত আয়ের ক্রেতারা। বাজারে পর্যাপ্ত নজরদারি ও মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা যে যার মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
সপ্তাহের প্রতি বুধ ও শনিবার পাটকেলঘাটায় বড় হাট বসে। দূরদূরান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাঁচামাল কিনতে আসেন। তবে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা ও সাধারণ ব্যবসায়ী উভয় পক্ষই হতাশ। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা, গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি বেগুন ও পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের বাজারে প্রতি হালি সাদা ডিম ৬০ টাকা এবং লাল ডিম ৫০ টাকায় ঠেকেছে। মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল ২২০ টাকা এবং তেলাপিয়া ও নাইলোটিকা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে। সাধারণ মানুষের জন্য ইলিশ এখন ‘স্বপ্নের মতো’, বাজারে ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা কেজি দমে।
ব্যবসায়ীদের দাবি, আড়তেই মাছ-সবজির দাম চড়া থাকায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। অন্যদিকে বাজারে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঁচাবাজারে তদারকি না থাকায় সাধারণ মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।