মণিরামপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, দুজনকে জরিমানা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মুক্তেশ্বরী নদীতে দেওয়া অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। নিষিদ্ধ জাল বিক্রি ও সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩০ জুলাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
সকালে কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট সেতুসংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে ৭০০ মিটার চায়না দুয়ারী জাল ও নেট-পাটা উচ্ছেদ করা হয়। বিকেলে মণিরামপুর বাজারের সুতাপট্টি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সন্দীপ ট্রেডার্সের স্বত্বাধিকারী সন্দীপ কু-ু (৩৭) এবং মেসার্স মুসলিম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসানকে (৬২) ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











