মনিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘সমাজের কল্যাণে আমরা’ সামাজিক সংস্থার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংস্থার সভাপতি মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক আহসানা হাবিব লিটন ও সমাজসেবক আব্দুর রহিম গাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক জিএম মোদাচ্ছের রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার কুন্ডু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘সমাজের কল্যাণে আমরা’ সামাজিক সংস্থার সদস্যরা।
অনুষ্ঠানে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীসহ মোট ১০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ও অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মিজানুর রহমান মিঠু বলেন, প্রতি বছর গুণীজন সংবর্ধনা, হতদরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।









