মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান এমপি খালেকের
নিজস্ব প্রতিনিধি: ‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মাও. আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আ. আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের আমির মাও. আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মাও. আনিসুর রহমান, ইউপি সদস্য আনিসুর রহমান ও মাও. মুহাম্মদ আলী হাবিবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে ধুলিহর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিনের সঞ্চালনায় সভায় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









