রং-তুলির আঁচড়ে শেষ মুহূর্তের রূপ পাচ্ছে প্রতিমা, দেবহাটায় ২১ মন্ডপে পূজা
দীপঙ্কর বিশ্বাস: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মন্দিরগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ম-পে ম-পে মৃৎশিল্পীদের নিপুণ তুলির আঁচড়ে সেজে উঠছেন দেবী দুর্গা। এবার উপজেলাজুড়ে ২১টি পূজাম-পে দুর্গোৎসব উদযাপিত হবে।
উপজেলার বিভিন্ন পূজাম-প ঘুরে দেখা গেছে, অধিকাংশ ম-পেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। মাটির কাজ শেষে চলছে রং-তুলির সুক্ষ্ম কাজ। শিল্পীর হাতের স্পর্শে একটু একটু করে পূর্ণ রূপ পাচ্ছে দেবী প্রতিমা। ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহন শুরু হবে। আর ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই নির্ঘুম ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
উপজেলা ও থানা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি ম-পে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও আনসার সদস্য নিয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন উৎসব সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে থাকবে র্যাব ও গোয়েন্দা সংস্থাও।









