বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাড়ুলী ইউপি নির্বাচন: ঈদের শুভেচ্ছায় সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারে মাঠে ১০ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
রাড়ুলী ইউপি নির্বাচন: ঈদের শুভেচ্ছায় সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারে মাঠে ১০ জন

আহমাদ আলী বাচা, রাড়–লী (পাইকগাছা): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। তফসিল ঘোষণা না হলেও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও প্রবাসী প্রার্থীরাও মাঠে নেমেছেন। স্থানীয় ভোটার ও দলীয় সূত্রে অন্তত ১০ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
বিএনপি ও সমমনা দলগুলোর মধ্য থেকে একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। সাবেক ক্ষমতাসীন দল বিএনপির সাবেক সভাপতি এস এম নাজির আহমেদ ইতিমধ্যে ফেসবুকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার মোড়ল জানান, দলীয় সিদ্ধান্ত ইতিবাচক হলে তিনি নির্বাচনে লড়বেন। এ ছাড়া উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম মানিক এবং আরেক নেতা হাবিবুল ইসলাম হাবিবও ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া শাহিনুর রহমান গাজী এবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যেও নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা গেছে। খুলনা জেলা জামায়াত নেতা মো. আব্দুল মেমিন সানা দলীয় মনোনয়নে প্রার্থী হতে ইতিমধ্যে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, দল থেকে পদত্যাগ করা আরেক জামায়াত নেতা মহিবুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ গোছাতে তৎপরতা শুরু করেছেন। লোকমুখে ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. ফুরকান আলীর নাম শোনা গেলেও প্রার্থী হওয়ার বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক চেয়ারম্যানদের মধ্যে অধ্যক্ষ (অব.) আবুল কালাম আজাদ এবং দলবদলকারী হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের নামও লোকমুখে বেশ আলোচনায় রয়েছে।
এদিকে, এই নির্বাচনে নতুন চমক হিসেবে আলোচনায় এসেছেন সাবেক চেয়ারম্যান এস ওয়াজেদ আলীর পুত্র এবং আমেরিকা প্রবাসী এস রহমান। পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করা এবং রাড়ুলী ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে তার সমর্থকেরা এলাকায় ব্যাপক ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন। সুদূর আমেরিকা থেকে মুঠোফোনে এস রহমান এই প্রতিনিধিকে বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। নির্বাচিত হতে পারলে আমি গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াব এবং ইউনিয়নকে আধুনিকায়ন করব।”

 

 

 

Ads small one

রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
রামিসার খুনিদের দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকার কোনও অন্যায়কারীকেই ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত সাড়ে ৮টার পর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এসময় তারা খুনিদের বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

সাতক্ষীরায় খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ২১ মে বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্রেতাহীন বিপণির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুপ্রকের সভাপতি ডা. আবুল কালাম বাবলা। তিনি বলেন, “বিক্রেতাহীন এই সততা স্টোরগুলো শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, সততা ও নৈতিকতা চর্চার এক অনন্য প্ল্যাটফর্ম। ছাত্রজীবন থেকেই এই মূল্যবোধ চর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার এ এন এম নাজমুল-উলা, জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস এবং দুপ্রক সদস্য মো. সাকিবুর রহমান।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার ২৫ হাজার টাকা অর্থায়নে এই স্টোরটি চালু করা হয়েছে, যেখানে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে নিজ দায়িত্বে পণ্যের মূল্য জমা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সততা সংঘের ১১জন সদস্য উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ভূমি সেবা মেলা শেষ, কুইজে পুরস্কৃত ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
আশাশুনিতে ভূমি সেবা মেলা শেষ, কুইজে পুরস্কৃত ৩ শিক্ষার্থী

আশাশুনি প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বে) শ্যামানন্দ কুন্ডু। অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুইজে প্রথম স্থান অধিকার করেছে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নুসরত জাহান মিম।

 

দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাদিয়া নওসিন এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির সানজিদা সুলতানা। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।