শারদীয় দূর্গাপূজায় মন্দিরে নজরদারি বাড়াতে গ্রামপুলিশকে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নজরদারি বাড়াতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে গ্রামপুলিশকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার কেশবপুর থানায় গ্রাম পুলিশদের হাজিরা অনুষ্ঠানে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলার ১০৬ জন গ্রাম পুলিশকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ নিজ এলাকার মন্দিরগুলোর নিয়মিত খোঁজখবর রাখতে বলা হয়। পূজামন্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা কোনো ধরনের সন্দেহজনক কর্মকান্ড নজরে এলে বা দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।








