রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পহীন সাতক্ষীরা: বঞ্চনার দায় কার?

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
শিল্পহীন সাতক্ষীরা: বঞ্চনার দায় কার?

ইকবাল মাসুদ

সম্ভাবনার অভাব নেই সাতক্ষীরায়, অভাব কেবল উদ্যোগ, পরিকল্পনা ও সদিচ্ছার। সেই শূন্যতা পূরণ করছে বেকারত্ব, দারিদ্র্য, অপরাধ ও মাদক। ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক যাতায়াত করে। কলকাতার নিকটবর্তী এই বন্দর দিয়ে কোটি কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হলেও বন্দরের আশপাশের গ্রামের অনেক তরুণ কাজের অভাবে বসে আছেন। তাঁদের সামনে কর্মসংস্থানের বিকল্প ঢাকা, বিদেশ কিংবা সীমান্তের অবৈধ অর্থনীতিতে জড়িয়ে পড়ার ঝুঁকি। পণ্য আসে-যায়, মানুষও এলাকা ছাড়ে, কিন্তু জেলার অর্থনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আসে না।

সাতক্ষীরার রয়েছে ভোমরা স্থলবন্দর, চিংড়ি, আম, মৃৎশিল্প এবং সুন্দরবনকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা। ১৯৯৬ সালে ছোট এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করা ভোমরা ২০১৩ সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর এবং ২০২৫ সালে কাস্টমস হাউসের মর্যাদা পায়। দেশের অন্যতম চিংড়ি উৎপাদনকারী জেলা সাতক্ষীরার আমের সুনাম দেশ-বিদেশেও রয়েছে। ঐতিহ্যবাহী মৃৎশিল্প ও সুন্দরবনকে ঘিরেও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। অথচ এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বড় শিল্পকারখানা গড়ে ওঠেনি। চিংড়ি ও আম কাঁচামাল হিসেবে অন্য জেলায় চলে যাচ্ছে। প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, মোড়কজাতকরণ ও রপ্তানির মাধ্যমে মূল্য সংযোজন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে অন্যত্র।

সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা ও পরিকল্পনা হয়েছে বহুবার। একসময় বেজার তৎকালীন নির্বাহী চেয়ারম্যান এ অঞ্চলে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ এবং ছয় হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। কিন্তু সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনার পর্যায় পেরিয়ে বাস্তব কারখানা গড়ে ওঠেনি। সাতক্ষীরা কাঁচামাল সরবরাহ করছে, অথচ মূল্য সংযোজনের সুফল অন্য জেলার অর্থনীতিতে যুক্ত হচ্ছে।

প্রতিবছর জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হাজারো তরুণ বের হচ্ছেন। কিন্তু তাঁদের জন্য স্থানীয় শ্রমবাজার সীমিত। পর্যাপ্ত প্রশিক্ষণকেন্দ্র, দক্ষ প্রশিক্ষক ও আধুনিক প্রযুক্তির অভাবে কারিগরি শিক্ষাও প্রত্যাশিত সুফল দিতে পারছে না। আবার প্রশিক্ষিত তরুণদের দক্ষতা কাজে লাগানোর মতো শিল্পপ্রতিষ্ঠান না থাকায় তাঁদের অনেকেই কর্মসংস্থানের জন্য ঢাকা, চট্টগ্রাম কিংবা বিদেশে পাড়ি জমাচ্ছেন। অন্যদিকে, সুযোগ না পাওয়া অনেক তরুণ হতাশায় ভুগছেন। গ্রামের পর গ্রাম কর্মক্ষম তরুণশূন্য হয়ে পড়ছে।

শিল্পহীন অর্থনীতির পুরো চাপ পড়েছে কৃষি ও চিংড়ি খাতের ওপর। অথচ জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বাঁধভাঙনের কারণে এ দুই খাতই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা মৎস্য অধিদপ্তরের হিসাবে, ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্পানে শুধু মাছের ক্ষতি হয়েছিল ১৭৬ কোটি টাকা। পরের বছর ইয়াসে ক্ষতি হয় আরও ১৬ কোটি টাকা। প্রতিটি দুর্যোগের পর ঘেরমালিক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণের চাপে পড়েন। বিকল্প আয়ের উৎস না থাকায় একটি দুর্যোগ বা মৌসুমের লোকসানই অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। শিল্পায়ন থাকলে এসব সংকটে বিকল্প কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হতো।

কর্মসংস্থানের সংকট সীমান্তের অবৈধ অর্থনীতিকেও বিস্তারের সুযোগ করে দিচ্ছে। সাতক্ষীরার দীর্ঘ সীমান্ত ও নদীপথের বিভিন্ন এলাকায় মাদক চোরাচালানের ঘটনা উদ্বেগজনক। ফেনসিডিল, কোরেক্সের মতো নেশাজাতীয় সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল এবং নতুন মাদক ‘কুশ’ উদ্ধারের ঘটনা ঘটছে। এ বছর বিজিবি প্রায় ৩২ কোটি টাকার মাদক জব্দ করে ধ্বংস করেছে বলে জানা গেছে। এসব পরিসংখ্যান শুধু উদ্ধার হওয়া মাদকের হিসাব; এর বাইরে কতটা মাদক পাচার হচ্ছে, তার প্রকৃত চিত্র অজানা।

মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে বেকার ও দরিদ্র মানুষ। কেউ অর্থের লোভে বাহক হচ্ছে, কেউ আবার মাদকের আসক্তিতে জড়িয়ে পড়ছে। অভিযানে সাধারণ বাহকেরা ধরা পড়লেও নেপথ্যের বড় চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিনের। মাদককে কেন্দ্র করে চুরি, ছিনতাই, কিশোর অপরাধ ও পারিবারিক সহিংসতার মতো সমস্যাও বাড়ছে। বেকারত্ব, দারিদ্র্য, মাদক ও অপরাধ পরস্পর সম্পর্কযুক্ত। এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

সাতক্ষীরাকে অবহেলিত জেলা হিসেবে পরিচিত হতে হয়েছে দীর্ঘদিন। প্রতিটি নির্বাচনের আগে শিল্পায়ন, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু নির্বাচনের পর এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিভিন্ন সময়ে জেলার নেতৃত্বে থাকা রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীলরা সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবি আদায়ে কতটা সোচ্চার ছিলেন? জাতীয় বাজেট, উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ আকর্ষণে জেলার পক্ষে কতটা জোরালো ভূমিকা রেখেছেন?

জেলার সামগ্রিক উন্নয়নে যে দূরদর্শিতা, রাজনৈতিক ঐক্য ও ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন, তার ঘাটতি স্পষ্ট। ব্যক্তিগত, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া যায়নি। এর মাশুল দিচ্ছেন সাধারণ মানুষ। কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে, শ্রমিক কাজের সন্ধানে পরিবার ছেড়ে, আর অভিভাবক সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে আগামী প্রজন্ম। কর্মসংস্থান ও সম্ভাবনাহীন পরিবেশে বেড়ে ওঠা তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন করা জরুরি। ভোমরা স্থলবন্দরকে কেন্দ্র করে রপ্তানিমুখী শিল্প ও আধুনিক লজিস্টিক হাব গড়ে তুলতে হবে। আম ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা, আধুনিক হিমাগার এবং মৃৎশিল্পে বিনিয়োগ বাড়াতে হবে, যাতে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন ও কর্মসংস্থানের সুফল জেলার মানুষ পায়। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, কর প্রণোদনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস ও উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশেও বিশেষ সহায়তা প্রয়োজন।

শিল্পের চাহিদা অনুযায়ী আধুনিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলে শিক্ষাকে কর্মমুখী করতে হবে। শ্যামনগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে শুধু বাহক নয়, মূল চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে হবে। সরকারি মাদক নিরাময় ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও জরুরি। জেলার উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে সর্বদলীয় নাগরিক উন্নয়ন সনদ এবং নিয়মিত জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।

সাতক্ষীরা দরিদ্র নয়, বরং সম্ভাবনাকে কাজে লাগাতে না পারায় পিছিয়ে রয়েছে। বন্দর, চিংড়ি, আম, সুন্দরবন, ঐতিহ্য ও পরিশ্রমী মানুষ—একটি জেলার এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনেক উপাদানই এখানে রয়েছে। প্রয়োজন দায়িত্বশীলদের সদিচ্ছা, কার্যকর পরিকল্পনা ও ঐক্যবদ্ধ উদ্যোগ। ব্যক্তিস্বার্থ ও দলীয় হিসাবের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে।

আজ যে তরুণ সনদ হাতে কাজের অপেক্ষায় বসে আছেন, তাঁকে কর্মসংস্থানের সুযোগ দিতে পারলে তিনি জেলার সম্পদ হয়ে উঠবেন। আর সুযোগ তৈরি করতে ব্যর্থ হলে তাঁকে হারাতে হবে অন্য শহরে, অন্য দেশে কিংবা হতাশার পথে। সাতক্ষীরার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্ত ও উদ্যোগের ওপর।

লেখক: ইকবাল মাসুদ
সভাপতি, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম।

Ads small one

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক শেখ মহাসিন কবির (৪০) কে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে চোরাই ব্যাটারি বিক্রির তথ্য পেয়ে এসআই মোস্তাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং চারটি লিথিয়াম ব্যাটারির বক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

এদিকে, একই দিন কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে আটক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সভাকে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ নভেম্বর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দুর্গামন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ ও সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জামায়াতের নায়েবে আমির নুরুল আবছার মর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি দাবি করেন, অনুষ্ঠানের পরদিন সাতক্ষীরা, খুলনা ও যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় যথাযথ সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঘটনার পাঁচ দিন পর কয়েকটি অনলাইন মাধ্যমে পুনর্মিলনী সভাটিকে আওয়ামী লীগের বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।

রণজিৎ কুমার বৈদ্য বলেন, পূজা আয়োজনে সহযোগিতাকারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোই ছিল পুনর্মিলনী সভার মূল উদ্দেশ্য। প্রকাশিত সংবাদে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ পরিবেশন করা জরুরি।

সাতক্ষীরা সদরে নতুন ইউএনও নাজমুল হুসাইনের যোগদান, দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে নতুন ইউএনও নাজমুল হুসাইনের যোগদান, দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাজমুল হুসাইন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি বিদায়ী ইউএনও অর্ণব দত্তের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। রোববার নতুন কর্মস্থলে প্রথম কর্মদিবস পালন করেন তিনি।

দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী ইউএনও অর্ণব দত্তের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সোহাগ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রাণী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিদায়ী ইউএনও অর্ণব দত্ত তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়ও একইভাবে দায়িত্ব পালন ও দেশসেবা করতে সবার দোয়া কামনা করেন তিনি।

নবাগত ইউএনও নাজমুল হুসাইন বলেন, অর্ণব দত্ত ও তিনি একই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত কারণে সাতক্ষীরা সদরে যোগদান করেছেন। আগের কর্মস্থলের মতো সাতক্ষীরাতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণকে মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য সাতক্ষীরাবাসীর সহযোগিতা কামনা করেন।

নাজমুল হুসাইন মাগুরা জেলার বাসিন্দা। তিনি যশোরে পড়াশোনা করেছেন। ইসলামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর বদলি হয়ে সাতক্ষীরা সদরে যোগদান করেন।