সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ: সাতক্ষীরায় শয্যাসংকটে হাসপাতালের বারান্দায় শিশুরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ: সাতক্ষীরায় শয্যাসংকটে হাসপাতালের বারান্দায় শিশুরা

মো. সিরাজুল ইসলাম: সাতক্ষীরায় ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশুদের সর্দি-জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। গত ২৩ দিনে জেলা সদর হাসপাতালে সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৩২ শিশু। একই সময়ে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে আরও ২৪২ জন। রোগীর আকস্মিক চাপে শয্যাসংকট দেখা দেওয়ায় অনেক শিশুকে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ২৩ দিনে ১ হাজার ১৩২ জন শিশু সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ৬৭ জন এবং ডায়রিয়া ওয়ার্ডে ২২ জন চিকিৎসাধীন।
সরেজমিনে দেখা গেছে, ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী আসায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শয্যা না পেয়ে অনেক অভিভাবক তাঁদের অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালের মেঝে বা বারান্দায় আশ্রয় নিয়েছেন। তালা উপজেলার ইসলামকাটি গ্রামের সবুজ গাজী তাঁর পাঁচ বছরের ছেলে মাহিম হুসাইনকে নিয়ে তিন দিন ধরে বারান্দায় আছেন। তিনি বলেন, “জ্বরের সঙ্গে বাচ্চার খিঁচুনি শুরু হওয়ায় দ্রুত এখানে আনি। কিন্তু বেড খালি না থাকায় বারান্দার মেঝেতেই থাকতে হচ্ছে।”
একই চিত্র দেখা গেছে আটুলিয়া গ্রামের শরিফুল ইসলামের ক্ষেত্রেও। তাঁর সাড়ে পাঁচ বছরের মেয়ে আজমিরাকে শয্যা ছাড়াই চিকিৎসা নিতে হচ্ছে। শ্যামনগর ও সদর উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা অনেক অভিভাবকই এমন ভোগান্তির কথা জানিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান দৈনিক পত্রদূতকে জানান, আবহাওয়া পরিবর্তনের এই সময়টা শিশুদের জন্য বেশ সংবেদনশীল। তিনি বলেন, “ঠান্ডা-গরমের তারতম্য এবং আবহাওয়ার অস্থিরতার কারণে শিশুরা দ্রুত অসুস্থ হচ্ছে। তবে উদ্বেগের বিষয় হলো অভিভাবক সচেতনতা। অনেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিয়ে ঘরে বসে থাকেন, যার ফলে শেষ মুহূর্তে হাসপাতালে যখন আসেন, তখন রোগটি জটিল বা নিউমোনিয়ায় রূপ নেয়।”
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান আশঙ্কা প্রকাশ করে দৈনিক পত্রদূতকে বলেন, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে এবং সাধারণ মানুষ সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
চিকিৎসকরা বর্তমান পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় কয়েকটি জরুরি পরামর্শ দিয়েছেন। সেগুলো হলোÑহঠাৎ গরম বা হঠাৎ ঠান্ডা থেকে শিশুকে রক্ষা করতে হবে। রোদ থেকে ফিরে সরাসরি এসি বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। শিশুর হাত ধোয়ার অভ্যাস করা এবং খাওয়ার আগে ও মলত্যাগের পর সাবান ব্যবহার নিশ্চিত করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুকে প্রচুর পানি, তরল খাবার ও ভিটামিন-সি যুক্ত ফলমূল খাওয়ানো। শিশুর উচ্চ তাপমাত্রা, ঘন ঘন শ্বাস নেওয়া, বুক দেবে যাওয়া বা খিঁচুনি দেখা দিলে কবিরাজি বা হাতুড়ে চিকিৎসার অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে নিতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূলতার মধ্যেও তারা সেবা স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই মৌসুমে ঘরোয়া প্রতিকার ও প্রাথমিক সচেতনতাই হতে পারে শিশুদের সুরক্ষাকবচ।

Ads small one

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই’: সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক

সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অন্যায়ের কাছে সাতক্ষীরার মানুষ কখনো মাথা নত করেনি এবং ভয় দেখিয়েও তাঁদের দমানো যাবে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের স্মরণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মোনার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম ও পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার কোনো অনিয়ম ও দুর্নীতির কাছে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সংসদে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক কাঠামোর উন্নয়নের দাবি তুলে ধরা হয়েছে উল্লেখ করে তিনি ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
ভারি বৃষ্টিতে ভাঙা রাস্তা মেরামত ও পানি নিষ্কাশনে আনসার-ভিডিপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ভারি বৃষ্টিপাতের কারণে সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামসহ বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যায়। বিষয়টি গত শুক্রবার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের পরামর্শে আনসার সদস্যদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা তালিব হোসাইন ও ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের দলনেতা আলী হোসেন প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তা মেরামত ও পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় উপস্থিত থেকে সাধুবাদ জানান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। আনসার-ভিডিপির এই স্বেচ্ছাশ্রম ও সামাজিক কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী জানান, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে তাঁর দল ও সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।

প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
প্রান্তিক যুব সংঘের সভায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হৃদয় ম-লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মো. আতিকুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, বোর্ড সদস্য ও সাধারণ সদস্যরা।
সভার শুরুতে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণদের সামাজিক ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় জনজীবন, কৃষি, শিক্ষা ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে শিগগিরই একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জলাবদ্ধতা নিরসনের দাবির পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।