মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
শ্রীলঙ্কা ম্যাচে নেই বিশ্বনাথ, একাদশে ফিরতে পারেন ইব্রাহিম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল। ড্র করলেই গ্রুপসেরা হয়ে শেষ চারে উঠবে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না বিশ্বনাথ ঘোষ। তার জায়গায় একাদশে ফিরতে পারেন আগের ম্যাচে জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম।

পায়ে ব্যথা পাওয়ায় গত দুই দিন অনুশীলন করেননি বিশ্বনাথ। তাই তাকে নিয়ে আপাতত ঝুঁকি নিতে চাইছেন না কোচ। তার পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে দেখা যেতে পারে ইব্রাহিমকে। আজকের অনুশীলনে তাকে ঘিরেই বিশেষ প্রস্তুতি নিয়েছেন কোচিং স্টাফরা। নম্বর নাইন পজিশনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এই ফরোয়ার্ড।

জাতীয় দল সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এবং নতুন করে কোনো সমস্যা না হলে শ্রীলঙ্কার বিপক্ষে ইব্রাহিমকেই শুরুর একাদশে দেখা যেতে পারে। বিশ্বনাথের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

বিশ্বনাথকে অবশ্য সেমিফাইনালের জন্য প্রস্তুত রাখতে চান কোচ ডুলি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তিনি।

Ads small one

অভিনেত্রী মেঘলার বাবা নিখোঁজ: অনুসন্ধানে সবার সহযোগিতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
অভিনেত্রী মেঘলার বাবা নিখোঁজ: অনুসন্ধানে সবার সহযোগিতা কামনা

অভিনেত্রী মেঘলা মিজান মুক্তার বাবা হঠাৎ নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার পর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজের অসুস্থ বাবাকে খুঁজে পেতে সবার জরুরি সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে মেঘলা মুক্তা জানান, তার বাবা সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা হন। সর্বশেষ রাত ৮টা ৫০ মিনিটে তিনি মেঘলার সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু এর পর থেকেই তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবা বাসায় না ফেরায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তিনি মারাত্মক শারীরিকভাবে অসুস্থ। মেঘলা জানান, নিখোঁজের পর থেকে উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের ছবি থানাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বাবার সুরক্ষায় সবার সাহায্য চেয়ে মেঘলা ফেসবুকে লেখেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।’

খোঁজের স্থান ও তথ্য: উত্তরখান থেকে বসুন্ধরা যাওয়ার পথে নিখোঁজ (সর্বশেষ কথা রাত ৮টা ৫০ মিনিট)।

যোগাযোগের নম্বর: ০১৮০৬৮৮৭৫৭০

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ নিতে এবার নতুন মিশনে বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজ সামনে রেখে আজ মঙ্গলবার দেশ ছেড়েছে জাতীয় দলের প্রথম বহর। আগামী ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

টাইগাররা ২০২২ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। তবে এবারের সফরটি বিশেষ হয়ে থাকছে ওয়ান্ডারার্সে প্রথমবার টেস্ট খেলার কারণে।

এর আগে চারবার দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কখনো টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হবে ম্যাচটি। এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের অবস্থান পঞ্চম। তাদের পয়েন্ট ৪৫.৮৩ শতাংশ।

সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের অবস্থান অবশ্য ভিন্ন। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হেরে এই সফরে যাচ্ছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ডও স্বস্তি দিচ্ছে না। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত সেখানে আটটি টেস্ট খেলেছে টাইগাররা। জয়ের দেখা পায়নি একটিতেও। হেরেছে সবগুলোতেই। যার পাঁচটিতে ইনিংস ব্যবধানে পরাজয়!

বাংলাদেশ দলের দ্বিতীয় বহর বুধবার জোহানেসবার্গের উদ্দেশে রওনা হওয়ার কথা।

টেস্ট সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ১, ৪ ও ৭ ডিসেম্বর হবে ম্যাচগুলো। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে সফর। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে ম্যাচগুলো।

 

সম্পাদকীয়/ প্রসঙ্গ: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজকের বিশ্বে আর কোনো দূরবর্তী হুমকি নয়; বরং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে তা প্রতিদিনের নির্মম বাস্তবতা। লবণাক্ততা বৃদ্ধি, সিডর-আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা, অনিয়মিত বৃষ্টিপাত এবং সুপেয় পানির তীব্র সংকট এই অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এমন বাস্তবতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা যথার্থই পুনর্ব্যক্ত করেছেন—জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি উভয় খাতেই নারীদের অংশগ্রহণ ও সক্রিয় নেতৃত্ব বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রথম ও প্রত্যক্ষ শিকার হন নারীরা। সুপেয় পানির সংস্থান, পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গৃহস্থালি সামলানোর বাড়তি চাপ মূলত তাঁদের কাঁধেই পড়ে। তা সত্ত্বেও দুর্যোগ-পরবর্তী অর্থনীতি পুনর্গঠনে কিংবা টেকসই অভিযোজন প্রক্রিয়ায় নারীদের অবদান প্রায়শই উপেক্ষিত থেকে যায়। কৃষিতে ঐতিহ্যগতভাবে নারীদের বিশাল উপস্থিতি থাকলেও আধুনিক প্রযুক্তি, বীজ সংরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের প্রবেশাধিকার এখনো সীমিত। তাই আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, জলবায়ু-সহনশীল ফসলের চাষ এবং বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনের মতো আয়বর্ধক উদ্যোগে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি।

কেবল প্রচলিত কৃষিকাজেই সীমাবদ্ধ না রেখে অকৃষি খাতেও নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং জলবায়ু-সহনশীল বিভিন্ন উদ্যোক্তা হিসেবে নারীদের বিকাশ ঘটাতে পারলে তা পুরো পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করবে। কর্মশালায় উঠে আসা সুপারিশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক নারীদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণের সুযোগ সুগম করতে হবে।

জলবায়ু সহনশীলতা গড়ে তোলার প্রক্রিয়া কোনো একপাক্ষিক পদক্ষেপ নয়; এতে নারীদের কেবল ‘সহায়তা গ্রহীতা’ না ভেবে অভিযোজন প্রক্রিয়ার ‘মূল কারিগর’ হিসেবে গণ্য করতে হবে। কৃষিতে ও অকৃষি খাতে পুরুষের পাশাপাশি নারীদের সম-অংশগ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টি করা গেলে তা কেবল উপকূলীয় পরিবারগুলোকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে না, বরং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে বৈশ্বিক দরবারে একটি টেকসই মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।