সঠিকভাবে জাকাত দিলে দারিদ্র্য দূর হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
যশোর প্রতিনিধি: সঠিকভাবে জাকাত প্রদান করা হলে সমাজ থেকে দারিদ্র্যের হার অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার বিকেলে যশোর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরে সরকারি জাকাত ফান্ড থেকে নির্বাচিতদের মাঝে জাকাতের অর্থ, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্ট সদস্যদের মাঝে চেক বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জাকাত দারিদ্র্য বিমোচনের একটি অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতিবছর নিয়ম অনুযায়ী জাকাত দেওয়ার আহ্বান জানান তিনি।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খান ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। স্বাগত বক্তব্য দেন যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে নির্বাচিত ২০৯ জন জাকাতপ্রার্থীর মাঝে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকার চেক এবং ৯ জন উদ্যোক্তার মাঝে ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া রেড ক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবককে ৪০ হাজার টাকা এবং জেলার আটটি উপজেলার ৮৮ জন ইমাম ও মুয়াজ্জিনকে বিকাশের মাধ্যমে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।
এর আগে সকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিএসসি (মনিরামপুর) সংযোগ সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক প্রশস্তকরণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি এলাকার বাসিন্দাদের সড়কের মানসম্মত কাজ বুঝে নেওয়ার পাশাপাশি ঠিকাদারকে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানান।









