শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সম্পাদকীয়/ প্রসঙ্গ: উপকূলে মিঠাপানির সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: উপকূলে মিঠাপানির সংকট

সাতক্ষীরাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে মিঠাপানির সংকট এখন আর কেবল একটি সাধারণ সমস্যা নয়, এটি রূপ নিয়েছে এক মানবিক ও অস্তিত্বের সংকটে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, তীব্র জলোচ্ছ্বাস, নদী-খাল ভরাট এবং আশঙ্কাজনকভাবে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানিতে লবণাক্ততার আগ্রাসন উপকূলের মানুষের জীবন, স্বাস্থ্য ও জীবিকাকে চরম বিপন্ন করে তুলেছে। এই বাস্তবতায় সম্প্রতি সাতক্ষীরায় ‘মিঠা পানির যোগান নিশ্চিতকরণ ও ব্যবস্থাপনায় স্থানীয় অংশীজনের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী এবং নীতিনির্ধারকদের জন্য একটি স্পষ্ট বার্তা।

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট আজ কতটা তীব্র, তা সেখানে না গেলে অনুধাবন করা কঠিন। মাইলের পর মাইল হেঁটে কলসি কাঁখে নারীদের একটু খাওয়ার পানির জন্য সংগ্রাম করা কিংবা লবণাক্ত পানি পানের ফলে নারীদের জরায়ুর রোগসহ নানা চর্মরোগে আক্রান্ত হওয়া নিত্যদিনের চিত্র। অন্যদিকে, মিঠাপানির অভাবে ব্যাহত হচ্ছে কৃষি ও গবাদিপশু পালন। অর্থাৎ, পানির এই সংকট উপকূলের সামগ্রিক অর্থনীতি ও জনমিতিকেই বদলে দিচ্ছে।

সাতক্ষীরার কর্মশালায় সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কণ্ঠ থেকে যে উদ্বেগ ও সুপারিশগুলো উঠে এসেছে, তা অত্যন্ত যৌক্তিক। প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা যথাযথই বলেছেন যে, মিঠাপানি কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। আর এই অধিকার রক্ষায় কেবল সরকারি আশ্বাসের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না; প্রয়োজন স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং একটি সমন্বিত মহাপরিকল্পনা।

 

খননের অভাবে ভরাট হয়ে যাওয়া স্থানীয় খাল ও ঐতিহ্যবাহী পুকুরগুলো দ্রুত পুনঃখনন করে মিঠাপানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি ধরে রাখা সবচেয়ে কার্যকর সমাধানগুলোর একটি। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণের প্রযুক্তি ও সহায়তা বাড়াতে হবে। নদী, খাল ও সরকারি জলাশয় দখল করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

পরিবেশবাদী সংগঠন ‘বেলা’ এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। কর্মশালা থেকে উঠে আসা সুপারিশমালাকে কেবল কাগজের দলিলে বন্দি না রেখে, দ্রুত সরকারের নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়নে চাপ সৃষ্টি করা প্রয়োজন।

উপকূলের মানুষের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাসমূহ সাতক্ষীরার এই কর্মশালার সুপারিশগুলোকে আমলে নিয়ে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির স্থায়ী সমাধান ও ‘সবুজ দিন’ বিনির্মাণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। উপকূলের মানুষকে বাঁচাতে মিঠাপানির অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

 

Ads small one

মরিচ্চাপ নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে শ্রীকলস ফুটবল মাঠ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মরিচ্চাপ নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে শ্রীকলস ফুটবল মাঠ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের ঐতিহ্যবাহী শ্রীকলস ফুটবল মাঠটি (বালুর মাঠ) মরিচ্চাপ নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মাঠটির বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার (১৩ জুন) আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু ভাঙনকবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীকলস গ্রামের একমাত্র খেলাধুলার স্থান এই মাঠটি। গত এক বছর ধরে নদীর স্রোতের আঘাতে মাঠের উত্তর অংশে ভাঙন চলছে। বাঁধ রক্ষার জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এক বছরে মাঠের প্রায় ৫০ ফুট জায়গা নদীগর্ভে ধসে গেছে। বর্তমানে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্য এলাকাজুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই পাইলিং ও জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ভাঙনের তীব্রতা দেখে বিষয়টি নিয়ে তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহসভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম প্রমুখ।

আশাশুনিতে শিক্ষকদের সঙ্গে যশোর বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
আশাশুনিতে শিক্ষকদের সঙ্গে যশোর বোর্ড চেয়ারম্যানের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মো. আব্দুস সালাম সাতক্ষীরার আশাশুনিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা নিয়ে কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৩ জুন) বিকেল চারটায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুষ্ঠু, নকলমুক্ত, ভীতিহীন পরিবেশে এবং নিয়মানুযায়ী এইচএসসি পরীক্ষা গ্রহণসহ পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রব, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার, গদাইপুর আবদুল লতিফ কলেজের অধ্যক্ষ, বদরতলা আদর্শ কলেজের অধ্যক্ষ, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম এবং আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষকদের বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য শোনেন। তিনি কঠোরভাবে আইন মেনে কলেজ পরিচালনা এবং পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। এর আগে তিনি তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

ধূলিহরে হযরত আব্বাস (রা.) কমপ্লেক্স ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
ধূলিহরে হযরত আব্বাস (রা.) কমপ্লেক্স ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর কাছারী পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হযরত আব্বাস (রা.) কমপ্লেক্স’-এর শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার যোহরের নামাজের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
কমপ্লেক্সের জমিদাতা সদস্য গোলাম হোসেন হেলি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আব্বাস (রা.) কমপ্লেক্সের সভাপতি ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।
উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, সেক্রেটারি রবিউল ইসলাম, মাস্টার আবুল হাসান এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান প্রবাসী ও সমাজসেবক জুলফিকার হায়দার। উদ্বোধনকালে কমপ্লেক্সের অধীনস্থ ‘মফিজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসা’র নিজস্ব জায়গায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী হাবিবী।