সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধু ইনা পারভীন চন্দনা নিখোঁজ হয়েছেন। গেল তিন দিন ধরে নিখোঁজ এই গৃহবধু। এ ঘটনায় নিখোঁজ ডায়েরী হয়েছে সাতক্ষীরা থানায়।
ইনা পারভীন চন্দনা (৩৫) কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।
সাধারণ ডায়েরীতে ইনা পারভীন চন্দনার বাবা মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপড়ায় বসবাস করতো চন্দনা। গেল রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ, নিটকতম স্বজন ও পরিচিতদের বাড়িতে সন্ধান করেও কোথাও পাওয়া যায়নি। চন্দনাকে শারীরিক ও মানুসিকভাবে নির্যাতন করতো তার স্বামী। স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা অথবা কোন ক্ষতি করতে পারে এমন ধারণার কথাও ডিজিতে উল্লেখ করেন তিনি।
ঘটনার তদন্ত করছেন সাতক্ষীরা থানার এসআই আরিফ নিশাত। তিনি বলেন, সবদিক মাথায় রেখেই আমরা অনুসন্ধান করছি। এখনো কোনো সন্ধান মেলেনি। দেশের সকল থানায় নিখোঁজের সন্ধান পেতে বেতার বার্তা পাঠানো হয়েছে।












