সাতক্ষীরায় পৈতৃক দোকান দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পলাশপোলে পৈতৃক সূত্রে পাওয়া দোকানঘর অবৈধভাবে দখলের উদ্দেশ্যে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের দক্ষিণ পলাশপোল গ্রামের কামরুল ইসলাম বকুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল ইসলাম জানান, সাতক্ষীরা পৌর এলাকার পলাশপোল মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া দেড় শতক জমিতে দোকানঘর নির্মাণ করে তাঁরা দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছেন। সিএস, এসএ এবং বর্তমান বিআরএস খতিয়ানেও জমিটি তাঁদের নামেই রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। কিন্তু গত বছর (২০২৫ সাল) থেকে দক্ষিণ পলাশপোল এলাকার মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলাম এবং কামালনগর এলাকার বাকী বিল্লাহ ওই দোকানঘরটি দখলের পাঁয়তারা শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, এর ধারাবাহিকতায় গত ১ জুন সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান। এতে বাধা দিলে কামরুল ইসলামকে মারধর ও হুমকি দেওয়া হয়। হামলায় নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, পৈতৃক সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে গিয়ে এ ধরনের হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অভিযুক্তদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী পরিবারটি পৈতৃক সম্পত্তি রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।






