সাতক্ষীরায় পৌর বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কঠিন বর্জ্য ও পয়ঃবর্জ্যের কার্যকর ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। আবর্জনা ফেলে না রেখে পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) মাধ্যমে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
মঙ্গলবার (২৮ জুলাই) শহরের সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত ‘সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক অংশীজন পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা ‘ফিনিশ মন্ডিয়াল’ ও ‘ওয়েস্ট’-এর সহায়তায় সভাটি আয়োজন করা হয়।
পরামর্শ সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগত বাড়ছে। তার ওপর বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে ড্রেন আটকে শহরে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে খাল-নদীসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে। বাসাবাড়িতে বর্জ্য আলাদা না করা এবং সেপটিক ট্যাংক নিয়মিত খালি না করার অভ্যাসের কারণে সমস্যা আরও জটিল আকার ধারণ করছে।
শিক্ষাবিদ পল্টু বাসারের সভাপতিত্বে এবং ফিনিশ মন্ডিয়ালের সিটি কোঅর্ডিনেটর খাইরুল বারী ও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইদ্রিস আলী, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, আনন্দের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম, চিকিৎসক আহসান আজীম লাভলু, রিয়াজুল ইসলাম ও হৃদয় মন্ডল।
একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সাতক্ষীরা গড়তে পৌর কর্তৃপক্ষ, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।





