সাতক্ষীরার পার্কগুলো কী পরিবারবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে টিকে থাকবে?
এসএম আল-আমীন
সাতক্ষীরা জেলায় মানসম্মত ও পর্যাপ্ত বিনোদনকেন্দ্রের সংখ্যা এমনিতেই সীমিত। জেলার শিশু-কিশোর, শিক্ষার্থী, নারী, বয়োজ্যেষ্ঠসহ সর্বস্তরের মানুষ অবসর সময়ে কিছুটা নির্মল পরিবেশ উপভোগের আশায় পার্ক ও উন্মুক্ত বিনোদনকেন্দ্রে যান। একটি পার্ক হওয়ার কথা শান্ত, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব স্থান—যেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে, শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হবে পরিবেশ, এবং পরিবারগুলো স্বস্তির সঙ্গে কিছু সময় কাটাতে পারবে।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, জেলার কিছু পার্ক ও বিনোদনকেন্দ্রকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক ও অশালীন কর্মকা-ের অভিযোগ শোনা যাচ্ছে। স্থানীয়দের দাবি, এসব স্থানে মাদকসেবন, অসামাজিক কার্যকলাপ এবং জনসমক্ষে শালীনতাবিরোধী আচরণের কারণে সাধারণ পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে সেখানে সময় কাটাতে পারছে না।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—যে পার্কগুলো মানুষের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন এবং সামাজিক সম্প্রীতির জন্য নির্মিত, সেগুলো যদি অসামাজিক কর্মকা-ের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়, তবে এর দায়ভার কার?
এ বিষয়ে পার্ক পরিচালনাকারী কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজ-সবারই দায়িত্ব রয়েছে। বিশেষ করে পার্কগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব সবচেয়ে বেশি।
নিয়মিত তদারকি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং অসামাজিক কর্মকা-ের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পার্কগুলোকে তাদের মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা সম্ভব। জনসমাগমস্থলে অনৈতিক কর্মকা- ও মাদকসেবনের অভিযোগ বারবার ওঠার পরও যদি কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হয়, তবে দায়িত্বশীল মহলের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
সাতক্ষীরার মানুষ একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব বিনোদন পরিবেশ প্রত্যাশা করে। শিশুদের সুস্থ মানসিক বিকাশ, তরুণদের ইতিবাচক অবসর বিনোদন এবং পরিবারের স্বস্তিদায়ক সময় কাটানোর স্বার্থে পার্কগুলোকে অবশ্যই নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরিচালিত করতে হবে।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাতক্ষীরার পার্কগুলোকে পুনরায় সকল শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবারবান্ধব বিনোদনকেন্দ্রে পরিণত করবে।






