শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত, জেলে আছেন ১০৬ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত, জেলে আছেন ১০৬ জন

ন্যাশনাল ডেস্ক: সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গত মঙ্গলবার মুক্তি পান।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আদালতের জামিনের আদেশের ভিত্তিতে শিউলি আজাদ কারাগার থেকে মুক্তি পান।

শিউলি আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।
২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সরাইল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সরাইল থানা সূত্রের উদ্বৃতি দিয়ে জাতীয় দৈনিকটি জানায়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের করা ওই হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় শিউলি আজাদ চার নম্বর আসামি।

শিউলি আজাদের আইনজীবী জয়নাল উদ্দিন ঐ জাতীয় দৈনিককে বলেন, কারাগারে থাকা অবস্থায় হয়রানি, আগাম গ্রেপ্তার, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো ও অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে তার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও তাকে একাধিক মামলায় ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন দলটির সাবেক সংসদ সদস্য (এমপি), মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বিগত ১৬ বছরের তৎকালীন সরকারের নিয়োজিত শীর্ষ পর্যায়ের পুলিশ, আমলা, স্পিকার এবং প্রধান বিচারপতিও গ্রেপ্তারের তালিকায় যুক্ত হন। এরই মধ্যে পূর্ণ হয়েছে জুলাই আন্দোলনের দুই বছর। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে গ্রেপ্তার হওয়া দলটির এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলার জেল, জামিন ও সাজার হালচাল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তাদের কারাজীবন ক্রমেই দীর্ঘ হতে চলেছে।

এরই মধ্যে জুলাই হত্যাকান্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৬টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ের ফলে কারাগারে থাকা সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন মন্ত্রী-এমপি ও তৎকালীন নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ঘাড়ে ঝুলছে সাজার বোঝা। ঢাকার নিম্ন আদালতে বিচারাধীন কয়েকশ মামলার মধ্যে ইতিমধ্যে ৪৩টি মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। চার্জগঠনের মাধ্যমে এই মামলাগুলো এখন আনুষ্ঠানিক বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিগত দুই বছরে জামিন পেয়ে মুক্ত হয়েছেন ১২ জন মন্ত্রী-এমপি। অন্যদিকে, কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন সাবেক দুই হেভিওয়েট মন্ত্রী। বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের শুধু এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলেই আটকে রয়েছেন মোট ১০৬ জন। বন্দিদের অনেকেই অর্ধশতাধিক, আবার কেউ কেউ শতকের কাছাকাছি মামলায় গ্রেপ্তার হয়েছেন।

কারা অধিদপ্তর সূত্র জানান, দেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলে ১০৬ জন আটক রয়েছেন। তাদের মধ্যে এমপি ৭৩ জন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন ৩৪ জন। এই তিন শ্রেণির বন্দির মধ্যে সর্বশেষ শিউলি আজাদসহ ১২ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

জামিনপ্রাপ্ত ১২ জনের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর গ্রেপ্তারের মাত্র দুদিনের মাথায় জামিন পেয়ে কারামুক্ত হন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর দুদিনের মাথায় জামিন পান সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১০ অক্টোবর তিনি কারামুক্ত হন। এর এক মাস পর ২০২৪ সালের ৭ নভেম্বর আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এরপর ২০২৪ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি অন্তর্বর্তী জামিন পেয়ে জেলা কারামুক্ত হন। ২০২৫ সালের ১৪ আগস্ট কারামুক্ত হন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর মুক্ত হন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। অন্যদিকে, আড়াই মাস কারাগারে থাকার পর মুক্ত হন আওয়ামী লীগের সাবেক পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বিকালে গ্রেপ্তার হয়ে চার ঘণ্টার ব্যবধানে ওই রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

চলতি বছরের ৭ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন সাবেক স্পিকার শিরীন শারমীন চৌধুরী। গ্রেপ্তারের পাঁচ দিন পর ১২ এপ্রিল জামিন পেয়ে তিনি কারামুক্ত হন। গত ১৩ জুন কারামুক্ত হন বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু। এছাড়া গত ১৬ জুন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন। ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বিএনপি সরকারের আমলে গত ৩ জুন হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পান এবং কারামুক্ত হন।
তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই আন্দোলনের মামলায় জামিন পেয়ে আওয়ামী লীগের ৮ জন এমপি-মন্ত্রী কারামুক্ত হয়েছেন। এছাড়া বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ৪ জন মন্ত্রী এমপি ও একজন সিটি কর্পোরেশনের মেয়র।

কারা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে যেসব হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রী কারাগারে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন-সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, পার্বত্যবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

এ ছাড়া কারাগারে থাকা অন্য এমপিদের মধ্যে রয়েছেন-সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি আবদুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী, আয়েশা ফেরদৌস, আহমেদ হোসেন, আবদুর রহমান বদি, মো. সাদেক খান, আবদুস সোবহান মিয়া, হাজি মোহাম্মদ সেলিম, মাজহারুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, শাহে আলম, ইঞ্জিনিয়ার এনামুল হক, তানভীর ইমাম, সেলিম আলতাফ জর্জ, কাজী জাফরুল্লাহ, রাহেনুল হক রায়হান, সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, জান্নাত আরা হেনরী, মাহবুব আরা বেগম গিনি, আবদুর রউফ, ইকরামুল করিম চৌধুরী, আবদুস সালাম মূর্শেদী, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. দিদারুল ইসলাম, আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান আসাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম, মহিবুর রহমান মানিক, মো. সোহরাব উদ্দিন, মো. রাশিদুজ্জামান, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সিরাজুল ইসলাম মোল্লা, আলী আজম, মোহাম্মদ সোলাইমান সেলিম, সাফিয়া খাতুন, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, রাগেবুল আহসান রিপু, কামরুল আশরাফ খান, নাসিমুল আলম চৌধুরী, সফিউল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, আহমেদ নাজমিন সুলতানা, অধ্যাপক ডা. আবদুল আজিজ, চয়ন ইসলাম, আবদুল মজিদ খান, সানোয়ার হোসেন, এম এ মালেক, আফতাব উদ্দিন সরকার, মো. আফজাল হোসেন, মোরশেদ আলম, শাহ সারোয়ার কবির, কাজী মনিরুল ইসলাম, জাফর আলম, আমিরুল আলম মিলন, সেলিনা ইসলাম, শামীমা আখতার খানম, মমতাজ বেগম, কাজিম উদ্দিন আহমেদ, বেগম জেবুন্নেসা ও লায়লা পারভীন সেঁজুতি।

 

Ads small one

গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
গাভায় কালভার্ট ও খাল আটকে কৃত্রিম জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামে সরকারি কালভার্ট ও খালের মুখ আটকে কৃত্রিম জলাবদ্ধতা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অতিবৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়লে গাভা গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে সুকুমার সরকার ও তাঁর ভাইদের এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, ফিংড়ী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রসংলগ্ন সরকারি কালভার্টের মুখে ঘনপাটা (বাঁশের পাটা) দিয়ে এবং রাস্তার পশ্চিম পাশের ঘেরের পানি আটকে রেখে মূল খালে স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চারপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হয়ে তৈরি হয়েছে তীব্র জলজট।

এলাকাবাসীর অভিযোগ, সুকুমার সরকার ও তাঁর দুই ভাইÑজগদীশ সরকার এবং প্রদীপ সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া কর্মকা- চালিয়ে আসছেন। সুকুমার সরকারের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, নানা দালালি ও চোরাচালানে যুক্ত থাকার তথ্য রয়েছে। প্রভাব খাটানোর কারণে সাধারণ মানুষ আগে প্রতিবাদ করার সাহস পাননি।

বর্তমানে পরিবার কল্যাণ কেন্দ্র এলাকায় বসবাসকারী শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াত স্থবির হয়ে পড়েছে।

অবিলম্বে কালভার্ট ও খালের মুখ থেকে অবৈধ পাটা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ সুগম করতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

সাতক্ষীরায় জেলা ওলামা দলের দোয়া ও মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা ওলামা দলের দোয়া ও মাহফিল

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহত ‘জুলাই যোদ্ধাদের’ দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা, দোয়া ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ মাগরিব জেলা শহরের কে লাইন পরিবহনের চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা, তাফসির ও বিশেষ মোনাজাত শেষে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মুহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ সাইফুল্লাহ আল কাফি।

প্রধান বক্তা অ্যাডভোকেট কাজী মাওলানা মুহাম্মদ আবুল হোসেন বলেন, দেশ গঠনে ও সত্যের পক্ষে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা যে সাহসিকতা দেখিয়েছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

 

 

গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা

শ্যামনগর প্রতিনিধি: নির্ধারিত গুদামের পরিবর্তে নিজ বাড়িতে টিসিবি’র পণ্য রেখে প্রশাসনের হাতে ধরা খেয়েছে শেখ আব্দুল হাকিম নামে টিসিবি’র এক ডিলার। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে শ্যামনগর পৌর সদরের ঈদগাহ রোডস্থ তার ভাড়া বাড়িতে।

 

উপজেলার গাবুরা ইউনিয়নে টিসিবি’র পণ্য সরবাহের দায়িত্বে থাকা আব্দুল হাকিম একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শেখ অছিরউদ্ধীনের ছেলে। একই দিনে খুলনা থেকে টিসিবি পণ্য সংগ্রহের পর অপরাপর সব পণ্য গাবুরা ইউনিয়নের নির্দিষ্ট গুদামে পাঠালেও সোয়াবিন তেলের নয়টি কার্টন (প্রতি কার্টনে ১২ টি দুই লিটারের বোতল) কৌশলে তিনি নিজ বাসায় রেখে দেন। পরবর্তীতে স্থানীয়দের লিখিত অভিযোগ সুত্রে প্রশাসনের কর্তাব্যক্তিরা রাতেই অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

গোলাম মোর্শেদ ও আজিজুল ইসলামসহ স্থানীয়দের ভাষ্য ডিলার হওয়ার সুযোগে আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে টিসিবি’র কিছু পণ্য কৌশলে বাড়িতে মুজদের পর নকিপুর বাজারের নির্দিষ্ট কিছু দোকানে বিক্রি করে আসছে। ইতিপুর্বে কয়েক দফা চেষ্টা করা হলেও প্রতিবার তিনি কৌশলে স্থানীয়দের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে নিতেন। এসব গ্রামবাসীর দাবি শুক্রবার রাতে আব্দুল হাকিম একটি ইজি বাইকযোগে কয়েকটি তেল ভর্তি কার্টন বাড়িতে নিয়ে যায়।

এসব গ্রাামবাসী আরও জানায় গুদামের পরিবর্তে নিজ বাড়িতে আব্দুল হাকিম টিসিবি’র পণ্য মুজুদ করছে মর্মে চাঁদনীমুখা গ্রামের মিলন হোসেন উপজেলা প্রশাসনের নিকট রাতেই লিখিত অভিযোগ করেন। একপর্যায়ে শ্যামনগর থানা পুলিশের প্রশাসনের কর্তাব্যক্তিরা আব্দুল হাকিমের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নয়টি কার্টনে রক্ষিত ৬৩টি দুই লিটার সোয়াবিন তেলের বোতল দেখতে পায়। এসময় তেল জব্দ না করে তা আব্দুল হাকিমের জিম্মায় দিয়ে যায় তারা।

অভিযানে অংশ নেয়া উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদ্দাম হোসেন জানান লিখিত অভিযোগ পেয়ে তারা অভিযানে নামে। শুরুতে আব্দুল হাকিম গাবুরায় অবস্থান করছে জানিয়ে তাদের বিভ্রান্ত করে। তবে কৌশলে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে বাড়িতে নয়টি কার্টনে থাকা ৬৩টি তেল ভর্তি বোতলের সন্ধান মেলে।

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান অভিযোগের সত্যতা মিলেছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা করে।