সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৭ মে) দিনভর সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি (বর্ডার আউটপোস্ট) এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক টহল দল এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও যন্ত্রাংশ, জীবনরক্ষাকারী ওষুধ এবং চিংড়ি মাছের রেণুপোনা।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকায় সীমান্ত পিলার ১৩/৩-এস-এর কাছাকাছি অভিযান চালায় কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ দল। সেখান থেকে ৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। একই উপজেলার শ্মশানঘাট এলাকায় মাদরা বিওপির টহল দল অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং হিজলদী সীমান্ত থেকে হিজলদী বিওপির সদস্যরা ৬০ হাজার টাকা মূল্যের মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করেন। এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়ার কামারবাইশা এলাকা থেকে আরও ১ লাখ ৬২ হাজার ৪০০ টাকার মোবাইলের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। অন্যদিকে, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা মোড় এলাকায় বাঁকাল চেকপোস্টের বিজিবি সদস্যরা ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেন। সব মিলিয়ে রবিবার বিজিবির অভিযানে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।









