সেটেলমেন্ট অফিসের অনিয়মের বিরুদ্ধে মহাপরিচালক বরাবর আবেদন
সংবাদদাতা: জোনাল সেটেলমেন্ট অফিস, খুলনার বিরুদ্ধে যথাযথ আইন ও নিয়ম নীতি অমান্য করে বেআইনি প্রক্রিয়া অনুসরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং একটি মামলার জাবেদা নকল (সার্টিফাইড কপি) পাওয়ার দাবিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) বরাবর লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।
আবেদনকারী মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর বড়ভেটখালী গ্রামের মৃত ফজলুল হক মোড়লের ছেলে। গত ৬ এপ্রিল ও ৫ মে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তিনি এই আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, হরিণগর মৌজার (জেএল নং-৭৯, এসএ খতিয়ান নং-৭০৬, ৭৬৬, এসএ দাগ নং-১৫৯৫, ডিপি নং-৩৬৪২, হাল দাগ নং-৬৩৬৬) বর্ণিত জমি সাইফুল ইসলাম ও তাঁর পরিবার এসএ রেকর্ডীয় প্রজা থেকে ওয়ারেশ ও খরিদ সূত্রে ভোগদখল করে আসছেন। পূর্বে ২৯২০৯/০৬ নম্বর আপিল মামলার মাধ্যমে রেকর্ড সংশোধন করে তাঁরা জমিতে বহাল আছেন। এর আগে একই বিষয় নিয়ে একই আদালতে, একই বাদী পক্ষ তিনবার মামলা করার পরও তা নিষ্পত্তি হয়েছিল।
ভুক্তভোগীর অভিযোগ, পূর্ববর্তী রায় উপেক্ষা করে জোনাল সেটেলমেন্ট অফিসে পুনরায় ১৭৩৫/২৬ নম্বর মিসকেস দায়ের করে গত ১২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।
লিখিত আবেদনে সাইফুল ইসলাম আরও জানান, ১৭৩৫/২৬ নম্বর মিসকেসের জাবেদা নকল পাওয়ার জন্য আবেদন করলেও সেটেলমেন্ট অফিস তা সরবরাহ করেনি এবং রেকর্ড সংশোধনের কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার নিশ্চিত করতে তিনি মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন।












