শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসছে চরকি অ্যাওয়ার্ডস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
আসছে চরকি অ্যাওয়ার্ডস

আসছে চরকি অ্যাওয়ার্ডস। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালের সেরাদের পুরস্কৃত করার পাশাপাশি প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা জানাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’।

বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে চরকি। এই সময়ে প্ল্যাটফর্মটির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটিরও বেশি ঘণ্টা। চরকির সঙ্গে যুক্ত হয়েছেন ৩ কোটির বেশি নিবন্ধিত গ্রাহক। দর্শকদের জন্য শতাধিক কনটেন্ট নিয়ে আসার এই যাত্রায় দেশের শিল্পী, কলাকুশলী ও নির্মাতাদের অবদানকে স্বীকৃতি দিতেই আয়োজন করা হচ্ছে এই পুরস্কার অনুষ্ঠান।

সমালোচকদের মূল্যায়ন এবং সাবস্ক্রাইবারদের ভোটের ভিত্তিতে ২৩টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। ১৩ জুন থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। দর্শকরা chorki.com/awards-এ গিয়ে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ভোট দিতে পারবেন।

২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬–২৪–৩৬’। বেস্ট অ্যাক্টর (মেল), ফিল্ম বিভাগে মনোনীত হয়েছেন ইয়াশ রোহান, প্রীতম হাসান, শাকিব খান ও সৈয়দ জামান শাওন। বেস্ট অ্যাক্টর (ফিমেল), ফিল্ম বিভাগে রয়েছেন তাসনিয়া ফারিণ, মাসুমা রহমান নাবিলা এবং মেহজাবীন চৌধুরী।

এ ছাড়া বেস্ট সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’, ‘কালপুরুষ’, ‘সিনপাট’ এবং ‘২ষ’। বেস্ট অ্যাক্টর (মেল), সিরিজ বিভাগে মনোনীত হয়েছেন এফ এস নাঈম, তাহসান খান, মোশাররফ করিম ও সিয়াম আহমেদ। বেস্ট অ্যাক্টর (ফিমেল), সিরিজ বিভাগে রয়েছেন কাজী নওশাবা আহমেদ, জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও সাফা কবির। অন্যদিকে বেস্ট সং বিভাগে মনোনয়ন পেয়েছে ‘কেমনে কি?’, ‘দুষ্টু কোকিল’, ‘মেঘ বালিকা’ এবং ‘লাগে উরা ধুরা’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “চরকি অ্যাওয়ার্ডসে সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪ ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টর (ফিমেল)-ফিল্ম বিভাগে ‘৩৬–২৪–৩৬’ চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছিলেন প্রিয় কারিনা কায়সার। তাঁর অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার ঊর্ধ্বে। প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাঁকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।”

চরকি জানিয়েছে, শিগগিরই প্রকাশ করা হবে ২০২৪ সালের সমালোচক পুরস্কারের মনোনয়ন তালিকা। এরপর প্রকাশ করা হবে ২০২৩ সালের সমালোচক ও সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়নও।

তবে এবারের ‘সেনসেশন চরকি কার্নিভাল’ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না। আয়োজনের সঙ্গে যুক্ত করা হয়েছে অভিনয়ের মাস্টারক্লাস এবং প্যানেল আলোচনা। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির বিভিন্ন উদ্যোগও থাকবে আয়োজনে।

রেদওয়ান রনি বলেন, “চরকি প্রতি মাসেই দর্শকদের জন্য নানা ধরনের কনটেন্ট নিয়ে আসে। ফিল্ম, সিরিজ, শর্ট কনটেন্ট থেকে শুরু করে প্রেক্ষাগৃহের সিনেমাও রয়েছে এই তালিকায়। এসব কনটেন্ট তৈরির পেছনে শত মানুষের সৃজনশীল পরিশ্রম রয়েছে। সেই মানুষগুলোকে সম্মান জানাতেই এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও জানান, দেশের পরিস্থিতি এবং কনটেন্ট নিয়ে বিভিন্ন ব্যস্ততার কারণে চরকি অ্যাওয়ার্ডের আয়োজন কিছুদিন বন্ধ ছিল। তবে আগামী বছর থেকে নিয়মিতভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Ads small one

ইমাম ফজলুর রহমানকে যুব সমাজ কল্যাণ পরিষদের সম্মাননা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
ইমাম ফজলুর রহমানকে যুব সমাজ কল্যাণ পরিষদের সম্মাননা

সাতক্ষীরার সামাজিক সংগঠন ‘যুব সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ইমামকে বিশেষ সম্মাননা ও হাদিয়া প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলার নতুন বাজার মাছখোলা পশ্চিম পাড়া বায়তুল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম ফজলুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন এবং সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ সংগঠনের তরুণরা এই উদ্যোগ নেন। মসজিদের ডিজিটাল নামাজ সময়সূচির সামনে এক আন্তরিক পরিবেশে ইমাম সাহেবের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন যুব সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রেসবিজ্ঞপ্তি

পাটকেলঘাটায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

পাটকেলঘাটা প্রতিনিধি: টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বালাইনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে স্থানীয় ‘বাঁধন ফুড প্যালেস’-এ এই কর্মশালার আয়োজন করা হয়। এলাকার ৫০ জন মডেল কৃষক এতে অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ খুলনার রিজনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের সাতক্ষীরা অঞ্চলের টিএসও রবিউল ইসলাম, পাটকেলঘাটা বাজারের ডিলার ও মেসার্স মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম টুটুল এবং মেসার্স মুকুন্দ সীড ফার্মের ডিলার কেশব কুমার সাধু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি উদ্যোক্তা ও খুচরা বিক্রেতারাও (রিটেইলার) উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় জৈব বালাইনাশকের (বায়োপেস্টিসাইড) গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তির বিষয়ে কৃষকদের ব্যবহারিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।

পাটকেলঘাটায় প্রতারণার শিকার নারীর আত্মহত্যার চেষ্টা, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় প্রতারণার শিকার নারীর আত্মহত্যার চেষ্টা, থানায় অভিযোগ

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রেমের সম্পর্কের জেরে এক নারী প্রতারণা ও সর্বস্ব খোয়ানোর শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর লোকলজ্জা ও ক্ষোভে কপোতাক্ষ নদের তীরে ইকো পার্কে ওই নারী বিষাক্ত বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন। এই ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অঞ্জনা দাসের (২৫) বাড়ি তালা উপজেলার ইসলামকাটি গ্রামে। পাঁচ বছর আগে বিয়ে হওয়া অঞ্জনার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক বনিবনা না হওয়ায় তিনি বর্তমানে বাবার বাড়িতে থাকছিলেন। এর মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুকুমার দাসের ছেলে সম্রাট দাসের (৩০) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্রাট দাসও বিবাহিত ও এক সন্তানের জনক।
গত ৫ জুন সন্ধ্যায় নতুন করে সংসার বাঁধার প্রলোভন দেখিয়ে অঞ্জনাকে পাটকেলঘাটার কপোতাক্ষ ইকো পার্কে ডেকে আনেন সম্রাট দাস। খিলঘাটা পপুলার ক্লিনিকে চিকিৎসাধীন অঞ্জনা দাস জানান, ইকো পার্কে দীর্ঘ সময় কাটানোর একপর্যায়ে সম্রাট তাঁর কানের দুল, গলার চেইন, ব্যবহৃত মোবাইল ফোন ও মেমোরি কার্ড কেড়ে নেন এবং তাঁর ওপর নির্যাতন চালান। এরপর সম্রাট তাঁকে ফেলে রেখে পালিয়ে গেলে অঞ্জনা সেখানেই বিষাক্ত বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় পথচারীরা অচেতন অবস্থায় অঞ্জনাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার ‘সেবা ক্লিনিক’ ও পরে ‘স্বাগতা ক্লিনিক’-এ নিয়ে গেলে কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রাতে তাঁকে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের ‘পপুলার ক্লিনিক’-এ ভর্তি করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর অঞ্জনা কিছুটা সুস্থ হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর পরিবারের সন্ধান পায়।
এই ঘটনায় অঞ্জনার পরিবার পাটকেলঘাটা ও কালীগঞ্জÑউভয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সম্রাট দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।