বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৪ মৌয়াল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৪ মৌয়াল উদ্ধার

পত্রদূত রিপোর্ট: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে পড়া পাঁচজনের মধ্যে চারজন মৌয়ালকে উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার ভোরে তাদেরকে স্ন্দুরবন থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহেমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।

নিখোঁজ থাকা অন্য মৌয়ালের নাম শওকত আলী গাজী। তিনি শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে শওকত আলী গাজী।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়িালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরনে যান। গত ৮ আগষ্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। পরবর্তীতে বনবিভাগ জানতে পেরে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে বুড়িগোয়ালিনি স্টেশন অফিসে নিয়ে আসে। তবে শওকত হোসেনের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের বুধবার সকাল ১০টায় আইনশৃঙ্খলারক্ষাকারি বাহিনীর উপস্থিতিতে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

ফজলুর রহমান আরো জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া আট জনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আমিন মোল্লার ছেলে আকবর হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Ads small one

তালার নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদের যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
তালার নতুন এসিল্যান্ড শাহরিয়ার তানভীর আহমেদের যোগদান

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শাহরিয়ার তানভীর আহমেদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকায় তালা ও পাটকেলঘাটার ভূমিসেবা প্রত্যাশীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নামজারি, ভূমি উন্নয়ন কর ও জমির খারিজসংক্রান্ত কাজে তৈরি হয়েছিল জটিলতা। নতুন এসিল্যান্ডের যোগদানে এসব সেবার কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
দায়িত্ব গ্রহণের পর শাহরিয়ার তানভীর আহমেদ ভূমিসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বেড়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় ৮২৭/৮২৮ নম্বর রুপসী বাংলা এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিতের কথা জানানো হয়। তবে জাহানাবাদ এক্সপ্রেসের পরিবর্তে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন।
ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিটের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রেও যাত্রীরা কিছুটা জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের মতে, কম খরচে আরামদায়ক ও তুলনামূলক দ্রুত যাতায়াতের মাধ্যম হওয়ায় চিকিৎসাপ্রার্থী, ব্যবসায়ী, পাসপোর্টযাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রেলপথের ওপর নির্ভরশীল। রুপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকায় বিশেষ করে স্বল্প ও নি¤œ আয়ের মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়বে। তাঁরা দ্রুত ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

 

ছয়ঘরিয়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
ছয়ঘরিয়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত শিশুটি মাগুর মাছ চাষের জন্য তৈরি একটি গর্তের পানিতে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গর্তের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।