মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সুন্দরবন রক্ষায় ‘লং মার্চ ফর ফরেস্ট’: চরের বনায়নে বীজ সংগ্রহের ডাক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সুন্দরবন রক্ষায় ‘লং মার্চ ফর ফরেস্ট’: চরের বনায়নে বীজ সংগ্রহের ডাক

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকা আজ সংকটের মুখে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সুন্দরবন আমাদের প্রধান প্রাকৃতিক আশ্রয়। তবে এই সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া আজ হুমকির মুখে, কারণ সুন্দরবন সংলগ্ন নদী থেকে ভেসে আসা বনজ ফল ও বীজ সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করছে স্থানীয় মানুষ। একটি বীজের স্বাভাবিক বিকাশ বন্ধ হওয়া মানে শুধু একটি গাছের ক্ষতি নয়, বরং উপকূলের ভবিষ্যৎ নিরাপত্তার ওপর বড় আঘাত।

সুন্দরবনের এই প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষা ও নদীর চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবিতে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ‘লং মার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।
‘গ্রীন কোয়ালিশন’ এবং ‘শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোশিয়েশন’-এর যৌথ উদ্যোগে এবং বারসিক ও অ্যাগ্রোইকোলজি ফান্ডের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়। উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন নীলডুমুর বাজার থেকে শুরু হয়ে লং মার্চটি বুড়িগোয়ালিনী এলাকার বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় অভিমুখে যাত্রা করে।

লং মার্চে অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। মায়ের এই ঋণ শোধ করতে এবং উপকূলকে বাঁচাতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। বন্যজ বীজ সংগ্রহ ও চরের বনায়ন সেই লড়াইয়েরই অংশ।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সুন্দরবনের নদী ও জোয়ারের মাধ্যমে ভেসে আসা বনজ বীজ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টি করে। এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে বনের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে বনপ্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। এই সংকট উত্তরণে কর্মসূচির পক্ষ থেকে চার দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমানের কাছে এবং পরবর্তীতে বেলা ১২টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামছুজ্জাহান কনক এর নিকট প্রদান করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে: সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধ করা। বন টহল ফাঁড়ির কর্মকর্তা, সিপিজি, ডিসিটি, ভিটিআরটি ও ভিসিএফ সদস্যদের মাধ্যমে নিয়মিত নজরদারি বৃদ্ধি। জনসচেতনতা তৈরিতে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চালু রাখা। সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম সংরক্ষণে স্থানীয় জনগণ ও যুব সমাজকে সম্পৃক্ত করা।
লং মার্চে পরিবেশ রক্ষার প্রত্যয় নিয়ে একাট্টা হয়েছিলেন স্থানীয় পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং নানা বয়সী সাধারণ মানুষ। কর্মসূচিতে গ্রীন কোয়ালিশন, সাতক্ষীরা-এর সভাপতি আবু আফফান রোজ বাবু এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দীক নেতৃত্ব দেন।

লং মার্চ ও সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম. বেলাল হোসাইন, বনজীবী নারী নেত্রী শেফালী বিবি, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিপা চক্রবর্তী, সাংবাদিক জাহিদ সুমন, বিলাল হোসেন, আব্দুল আলিম, বন্ধুসভার সহ-সভাপতি রাহাদ খাঁন বাপ্পা, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, স. ম. ওসমান গনী, জান্নাতুল নাঈমসহ স্থানীয় পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ।

সমাপনী সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে সুন্দরবনকে সুরক্ষিত রাখতে। সুন্দরবন থেকে ভেসে আসা প্রতিটি বীজ যেন এক একটি নতুন জীবনের প্রতীক, যা আগামী দিনে উপকূলকে দেবে এক নিরাপদ ও সবুজ বেষ্টনী।

 

Ads small one

মণিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
মণিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে চলতি খরিফ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ৩ হাজার ৮৮০ জন কৃষকের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৩৩ শতাংশ জমিতে চাষের উপযোগী উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

পৃথকভাবে ২৫০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা এবং ৪০ কেজি ট্রাইকো কম্পোস্ট জৈব সার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহারিয়া হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
পাইকগাছা পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সভার ২৬-২৭ অর্থ বছরে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭শত ৯২ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন বিকেল ৩টায় নতুন পৌর ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী এ বাজেট পেশ করেন। বাজেটে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭শত ৯২ টাকা ২৫ পয়সা আয়, ৫১কোটি ৫৫লাখ ৭৯ হাজার ২৫৩ দশমিক ৯০টাকা ব্যয় ও ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ দশমিক ৩৫ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেট সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানাসহ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

 

সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আঃ মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পৌরসভা সভাপতি আসলাম পারভেজ, জামায়াত নেতা এড. মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম, খোরশেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।