সাতক্ষীরা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা আহ্বায়কের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম। ৪ জুলাই সকাল ১১টায় শহরের পাকাপুল মোড়ে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কামনা করা হয়। এছাড়া জেলার প্রয়াত সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা, সরকারি অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি একাত্তরের শহীদদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।
সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম গত ২ জুলাই সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভার উদ্ধৃতি দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুস সালাম আশ্বাস দিয়েছেন যে, সাতক্ষীরায় কোনো বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না। সরকারি হাসপাতালে ওষুধ না থাকলে তা কিনে দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী পাবেন। সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা তাদের দাবির কথা তুলে ধরেন। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






