ব্রহ্মরাজপুর বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
জিএম আমিনুল হক: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মরাজপুর বাজারে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
তিনি ব্রহ্মরাজপুর বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
ইউএনও অর্ণব দত্ত জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি শনিবার বিভিন্ন হাটে-বাজারে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষকে পরামর্শ দেওয়ার পাশাপাশি আগামী তিন মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বাজারের পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা ও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
কর্মসূচিতে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, শিক্ষক ও সাংবাদিক ইদ্রিস আলী, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরশাদ আলী, রোভার স্কাউট সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।






