বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক

 

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিদ্যুৎ বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। অস্বাভাবিক ও আজগুবি এই বিদ্যুৎ বিল দেখে হতবাক গ্রাহক ও তার স্বজনরা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে এ ঘটনা ঘটে। সেখানকার অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই ভৌতিক বিলটি ইস্যু করা হয়।

বিলের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ১৬০। অর্থাৎ এক মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। কিন্তু এই ২৩৫ ইউনিটের বিপরীতে স্বাভাবিক বিদ্যুৎ বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ বিলের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা, যা বিলম্ব মাশুলসহ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ আজ ২৯ সেপ্টেম্বর। এতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গ্রাহক আলেয়া খাতুন বলেন, ‌‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে আমাদের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার চাই।’

এটিকে টাইপিং মিসটেক বলছেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘ওই গ্রাহকের মিটার পরিবর্তন করার সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছিল। আজ বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে। ওই গ্রাহক সংশোধিত বিল পরিশোধ করেছেন।এ ভুলের সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

Ads small one

শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের নানান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহের নানান কর্মসূচি

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা থেকে একযোগে ভার্চ্যুয়াল মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তা ও শিশুরা এতে অংশ নেবে।

পরদিন ৭ অক্টোবর সকাল ১০টা থেকে খুলনা শিশু একাডেমিতে শিশুতোষ সাধারণ নৃত্য, দেশাত্মবোধকসংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুসহ প্রথম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ক ও খ গ্রুপে সরাসরি অংশ নিতে পারবে। ৮ অক্টোবর সকাল ১১টায় আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে। তথ্যবিবরণী

খুলনায় পরিবেশ সুরক্ষায় ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
খুলনায় পরিবেশ সুরক্ষায় ও মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

পরিবেশ ও প্রকৃতি সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা খুলনা পাবলিক কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে পরিবার থেকে সচেতনতা শুরু করা এবং সন্তানকে পর্যাপ্ত সময় দেওয়া, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে সরকারের পরিবেশ রক্ষাবিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার তাগিদ দেন।
খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান ও কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক আইনজীবী শেখ অলিউল ইসলাম। তথ্যবিবরণী

সাতক্ষীরায় নতুন কর্মজীবনের পথে ১৯০ সহকারী শিক্ষক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় নতুন কর্মজীবনের পথে ১৯০ সহকারী শিক্ষক

 

সংবাদদাতা: হাতে নিয়োগপত্র, চোখে নতুন স্বপ্ন-শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় কর্মজীবন শুরু করলেন ১৯০ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তাঁরা। নতুন কর্মজীবনে প্রবেশের দিনটি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের। যোগদান শেষে বিভিন্ন উপজেলার নবনিযুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর তাঁদের বিদ্যালয়ে পদায়নের আদেশ দেওয়া হবে। পরদিন ১২ অক্টোবর তাঁরা নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করবেন। নতুন শিক্ষকদের যোগদানের মধ্য দিয়ে জেলার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো ১৯০ জন নতুন শিক্ষক। তাঁদের হাত ধরেই বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদান ও ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় শুরু হবে।