বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থান অর্জন করেছে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকা বিবেচিত হয়।

২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া ২২ জন শিক্ষক ও গবেষক হলেন— মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১১২,৫৩১), সৈকত মিত্র (১২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১৪৭,১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১৫৬,৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১৯৮,৭০১), মো. আবদুস সালাম (২০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭৪৩,৮৩৪)।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একইসঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আমাদের গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এই অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান নয়, গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় তাদের অন্তর্ভুক্তি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

উপাচার্য বলেন, ‘গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশি সংখ্যক গবেষক যেন আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

এদিকে একই গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে।

Ads small one

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

সংবাদদাতা: ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কিশোরীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, শিক্ষা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ শিক্ষা ও প্রয়োজনীয় কাজে অর্থনৈতিক সহায়তার সুযোগ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে ইরেসপো প্রকল্পের আওতায় ১৮ বছর পূর্ণ হওয়া সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়। এ সময় শিক্ষার্থীদের জমাকৃত সঞ্চয় ৬৩ হাজার ৮০০ টাকা এবং সরকার প্রদত্ত প্রণোদনা হিসেবে ১ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা দেওয়া হয়।

এ ছাড়া দেবহাটা উপজেলার দুটি বিদ্যালয়ের প্রায় ২০০ কিশোরী বাল্যবিয়ে না করার শপথ নিয়ে প্রকল্পের সুবিধাভোগী হয়েছে বলে জানানো হয়।

সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান, দেবহাটা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল, শিক্ষার্থী তাহেরা ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি করতে হবে।

আয়োজকেরা জানান, শিক্ষা, সচেতনতা ও সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের বাল্যবিয়ের ঝুঁকি থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার আত্মবিশ্বাসও তৈরি হবে।

 

আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

oplus_2

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সম, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, পিআইও মোঃ আমিরুল ইসলাম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস (পিংকাই) এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও উৎসব। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব, উসকানি কিংবা বিকৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে যাচাই ছাড়া তা প্রচার না করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে জমি দখল, জাল কাগজে ঋণ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
আশাশুনিতে জমি দখল, জাল কাগজে ঋণ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

oplus_2

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে ব্যাংক ঋণ গ্রহণ, হুমকি ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আব্দুল হাই (৫২) নামে এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৩টায় আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার বুধহাটা গ্রামের মৃত মনিরুদ্দীন সরদারের ছেলে আব্দুল হাই।

লিখিত বক্তব্যে আব্দুল হাই বলেন, তিনি দীর্ঘদিন ধরে বুধহাটা ইউনিয়নে সুনামের সঙ্গে অটো রাইস মিল ও চাতাল ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি গত ১০-১৫ বছর ধরে সরকারি কর পরিশোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের আশাশুনি শাখার খাদ্যগুদামে চাল সরবরাহ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা এবং দরিদ্র মানুষের পাশে থাকার দাবিও করেন।

আব্দুল হাই অভিযোগ করেন, তার সুনাম ক্ষুণœ করতে নওয়াপাড়া গ্রামের মৃত এমান আলী গাজীর ছেলে মো. মিজানুর রহমান গত ৭ অক্টোবর তার বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, বুধহাটা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মো. মোতাহার হোসেনের কাছ থেকে ৪০৬৮ নম্বর কবলা দলিলের মাধ্যমে তিনি জমি ক্রয় করেন। সংশ্লিষ্ট খারিজ খতিয়ান ২৩০৫ নম্বরের ২৭০৫, ২৭০৬ ও ২৭১০ দাগে জমির উল্লেখ রয়েছে। তার দাবি, ক্রয়কৃত জমির মধ্যে ৫.২৯ শতক জমি মিজানুর রহমান জোরপূর্বক দখল করে রেখেছেন।

আব্দুল হাই আরও অভিযোগ করেন, জমির দখল বুঝে নিতে চাইলে মিজানুর রহমান বিভিন্নভাবে তালবাহানা ও ষড়যন্ত্র করতে থাকেন। পরে দখল উদ্ধারের জন্য তিনি আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। আইনকৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ নোটিশ জারি করে এবং ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিজানুর রহমান রাতের আঁধারে লোকজন নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করেন। এছাড়া জমির কাগজপত্র জাল করে ভুয়া নামজারি ও খাজনা দাখিলা তৈরি করে সোনালী ব্যাংকের বুধহাটা শাখা থেকে ৩০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগও করেন আব্দুল হাই।

তিনি বলেন, তার ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মাণে বাধা দিলে তাকে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১৪৫ ধারার আদেশ অমান্যের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দন্ডবিধির ১৮৮ ধারায় মামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ইউনুচ আলীর বসতভিটা ভাঙচুরের ঘটনায়ও মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল হাই তার বিরুদ্ধে করা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ক্রয়কৃত জমির দখল বুঝে পেতে এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।