শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু

পত্রদূত ডেস্ক: মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) উদ্যোগ মনোকথা। মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত নানা সমস্যা মোকাবিলায় নিয়মিত মানসিক যত্ন এবং প্রয়োজনের সময় সহায়তা পাওয়ার সুযোগ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেয়ার কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) সভাপতি অধ্যাপক ড. মো. শামসুদ্দিন ইলিয়াস। ডিআরডিএফের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। আলোচনায় অংশ নেন পরিবেশ ও মানবাধিকার কর্মী আমিনুর রসুল বাবুল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও এইচআরডিসির পরিচালক জিয়ানুর কবীর, সাইকোসোস্যাল কাউন্সিলর মো. সামসুজ্জামান মোল্লা (ইমন), মনোবিজ্ঞানী তারিন তাবাসসুম, সাইকোসোস্যাল কাউন্সিলর সুলতান ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানে মনোকথার কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মনোবিজ্ঞানী ও গবেষক তানজীম জামান। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

মনোবিজ্ঞানী ও মেন্টর হৃদয় ইফতেখার ইফতি ‘মনোকথা কেয়ার কার্ড’-এর পরিচিতি তুলে ধরেন। এ সময় তিনি কার্ডটির প্রয়োজনীয়তা, এর মাধ্যমে পাওয়া সুবিধা এবং মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে এর সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শামসুদ্দিন ইলিয়াস বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। যা ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ইস্যু। প্রতিদিনের জীবনে অনেক মানুষ মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ও আবেগজনিত সমস্যার মধ্য দিয়ে গেলেও সামাজিক সংকোচ, সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তাঁরা সহায়তা নিতে আগ্রহী হন না কিংবা প্রয়োজনীয় সেবা থেকে দূরে থাকেন। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নয়নে মানসিক স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যেরও নিয়মিত যত্ন প্রয়োজন। মানসিক সংকট তীব্র হওয়ার আগেই সমস্যা শনাক্ত করা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। এ জন্য মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক সংকোচ দূর করতে হবে।

অনুষ্ঠানে মনোকথা ও কেয়ার কার্ডের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রদর্শন শেষে ‘মনোকথা কেয়ার কার্ড’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, মানুষের মানসিক সুস্থতার নিয়মিত যত্ন নিশ্চিত করার লক্ষ্যেই মনোকথা কেয়ার কার্ড চালু করা হয়েছে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে মনোকথা। উদ্যোগটি নিয়মিত মানসিক যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

Ads small one

সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

Oplus_131072

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন সেন্টারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম হোসেন কোরাইশি লাল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া শিশু কিশোর সংগঠনের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিয়াজ আহমেদ তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম পিপলু, যুগ্ম সম্পাদক শফিকুল হোসেন শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি আহসান হাবিব টুটুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েব মাসুদ খান অর্ঘ্য।

এছাড়া সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নবগঠিত জিয়া শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন শিশু-কিশোরদের মধ্যে তুলে ধরে তাদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া গ্রেপ্তার

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াকে আবারও গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) বেলা অনুমান ১১টার সময় সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা সদরের আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

এব্যাপারে সদর থানার এএসআই নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আলিপুর চেকপোষ্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
কয়রায় ছাত্রলীগের তিন নেতা আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আটক করা হয় তাদের।

আটকরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) ও বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কয়রা থানার ওসি রাশেদুল আলম জানিয়েছেন, তারা তিনজন নাশকতার মামলার আসামী।

 

গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।