ভোমরা বন্দর দিয়ে বছরে প্রায় ১৯০০ কোটি টাকার পণ্য রপ্তানি
এম শফিকুল ইসলাম: আন্তর্জাতিক বাজারের নানামুখী প্রতিকূলতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতের বাজারে বিদায়ী অর্থবছরে (২০২৫-২০২৬) প্রায় ১ হাজার ৮৯২ কোটি ৫৩ লাখ টাকার দেশীয় পণ্য রপ্তানি হয়েছে।
কাস্টমস হাউসের রাজস্ব শাখার তথ্যমতে, আলোচ্য সময়ে এই বন্দর দিয়ে মোট ১ লাখ ৭৮ মেট্রিক টন দেশীয় পণ্য ভারতে পাঠানো হয়। তবে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও কূটনৈতিক টানা পোড়েনের কারণে বিগত দিনগুলোতে রপ্তানি বাণিজ্যে সাময়িক মন্দা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সীমান্ত বাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের মতে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক ও জোরদার হলে রপ্তানি আরও কয়েক গুণ বাড়বে।
ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, কিছু অপ্রচলিত পণ্য রপ্তানিতে ভোমরা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমোদিত অধিকাংশ দেশীয় পণ্যই এই রুট দিয়ে ভারতে যাচ্ছে। কাস্টমস প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য সহজীকরণে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে।
ভোমরা কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, পূর্ণাঙ্গ স্থলবন্দর ও কাস্টমস হাউস হওয়ায় এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য রুটে পরিণত হয়েছে। তবে বন্দরে দীর্ঘদিনের অবকাঠামোগত কিছু ঘাটতি এখনো রয়ে গেছে। এটি দ্রুত দূর করা গেলে রাজস্ব আদায় ও বৈদেশিক মুদ্রা অর্জন বহুগুণ বৃদ্ধি পাবে।







