শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) শ্যামনগরের নকিপুরে ফ্রেন্ডস্ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ে সংস্থাটির বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম.ডি. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ কল্যাণ সমিতির সভানেত্রী জ্যোতি মালো, সম্পাদিকা অষ্টমী মালো, অ্যাকশনএইড বাংলাদেশের প্রজেক্ট অফিসার এম.ডি. সেলিম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.কে. মিজানুর রহমান, নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার চিরনজিত কুমার মালো, অ্যাকাউন্টস অফিসার অপু চৌকিদার প্রমুখ।
আলোচনা সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আত্মনির্ভরশীলতা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচল, পথের প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে তাঁদের নিরাপদ চলাচল ও স্বাধীনভাবে জীবনযাপনে সহায়তা করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলা, তাঁদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।












