কলারোয়ায় সমন্বয় সভায় অসদাচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক প্রধান শিক্ষককে সতর্ক করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ঝাপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আহ্বানে ১২৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে অক্টোবর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বিদ্যুৎ বিল পরিশোধের পর তা শিক্ষা অফিসে জমা দেওয়া-সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এ সময় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান উচ্চস্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে নিজের বিদ্যুৎ বিল নিয়ে এককভাবে যুক্তি উপস্থাপন করতে থাকেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। এতে সভার স্বাভাবিক শৃঙ্খলা বিঘিœত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষা কর্মকর্তা বারবার অনুরোধ জানান। একপর্যায়ে তালুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁকেও ধমক দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, এর আগে অসদাচরণের দায়ে ২০২২ সালের ১১ সেপ্টেম্বর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, খুলনা বিভাগ থেকে মো. আসাদুজ্জামানকে লঘুদ- হিসেবে ‘তিরস্কার দ-’ দেওয়া হয়েছিল। সাম্প্রতিক ঘটনাকে তাঁর অভ্যাসগত অপরাধ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।












