জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: এমপি রবিউল বাশার
সংবাদদাতা: ৭০ শতাংশ জনগণের ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “গাদ্দারি করে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও টিকতে পারবে না।”
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুহাদ্দিস রবিউল বাশার বলেন, জনগণের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর দক্ষিণাঞ্চলে জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে লংমার্চ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রত্যাশা পূরণ ও জনগণের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি সফল করতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “সরকার সারের ডিলার নিয়োগের নামে কৃষকদের সঙ্গে তামাশা করেছে। ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময়ে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে রাজনৈতিক বিবেচনায় শুধু বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি এই সরকারকেই ভোগ করতে হবে।” একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন দাযিত্বশীল সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবাইদুল্লাহ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর প্রমুখ।









