শ্যামনগরে ক্যাফে ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, আয় দিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর স্বপ্ন
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সবুজ ধানখেতের পাশে খড়, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি ছোট টংঘর ক্যাফে। নাম দেওয়া হয়েছে ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালীতে গড়ে তোলা এই ক্যাফে নজর কাড়ছে স্থানীয় মানুষের।
মুন্সিগঞ্জ কলেজের ছয় শিক্ষার্থী মো. তায়িব, মো. মিলন হোসেন, মেহেদী হাসান, মো. বিপ্লব হোসেন, মো. ইমন হোসেন ও মো. রাকিবুল হাসান মিলে এই ক্যাফে গড়ে তুলেছেন। প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার পুঁজিতে এটি শুরু হয়।
উদ্যোক্তা মেহেদী হাসান জানান, অবসর সময়কে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে তাঁরা নিজেরাই ক্যাফেটির সাজসজ্জার কাজ করেছেন। অপরাজিতা চা, মালাই চা, কফি ও স্ন্যাক্স সাশ্রয়ী দামে মিলছে এই ক্যাফেতে।
শিক্ষার্থীদের দাবি, আগে এই সেতুর আশপাশে বখাটেদের আনাগোনা ও মাদকসেবনের অভিযোগ ছিল। জনসমাগম বাড়ার ফলে পরিবেশ উন্নত হচ্ছে। ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু এই তরুণ উদ্যোক্তাদের প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জানান। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে ক্যাফের আয় থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার ইচ্ছা রয়েছে তাঁদের।












