সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী লুলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বামপন্থী লুলা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দ্বিতীয় দফার ভোটে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট।

স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) রাতে দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। বিজয়ের পর গণতন্ত্র রক্ষায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৮০ বছর বয়সী এই নেতা। আগামী ৫ জানুয়ারি শপথ নিলে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হবেন তিনি।

লুলার জয়ে অভিনন্দন জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

তবে কয়েকটি এলাকায় গণপরিবহন বন্ধ থাকায় ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন লুলার সমর্থকেরা।

নতুন মেয়াদে জীবনযাত্রার ব্যয়, পারিবারিক ঋণ, অপরাধ দমন এবং ডানপন্থী-প্রধান কংগ্রেসের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তাঁকে।

Ads small one

আড়াই বছর পর মঞ্চে ফিরছে প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
আড়াই বছর পর মঞ্চে ফিরছে প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’

দীর্ঘ প্রায় আড়াই বছর পর নতুন ভাবনা ও উপস্থাপনায় মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় নাটক ‘অভিনেতা’। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনন্ত হিরার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোরের হয়ে এটি তাঁর ষষ্ঠ নির্দেশনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও সবুক্তগীন শুভ। নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনাও করেছেন নূনা আফরোজ।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীতে নীল কামরুল, পোস্টার নকশায় চারু পিন্টু, নৃত্য পরিচালনায় প্রকৃতি শিকদার এবং রূপসজ্জায় মোহাম্মদ আলী বাবুল।

‘অভিনেতা’ নাটকে একজন শিল্পী ও শিল্পযোদ্ধার জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। কুসংস্কার, ধর্মান্ধতা, দুর্নীতি, অমানবিকতা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদই নাটকটির মূল উপজীব্য। নাটকের শিল্পী শুধু বিনোদনকর্মী নন, বরং বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে আজীবন লড়াই করা এক প্রতিবাদী সত্তা। প্রেসবিজ্ঞপ্তি

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, যুবদল নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, যুবদল নেতা বহিষ্কার

ন্যাশনাল ডেস্ক: ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে, গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেন রুবেল চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মনিরামপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ণ
মনিরামপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির বাবা ও মোটরসাইকেলচালক ফারুক হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আব্দুর রহমান। তাঁদের বাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামের মানিকগঞ্জ এলাকায়।

স্থানীয় পশুচিকিৎসক বিল্লাহ হোসেন জানান, ছেলেকে চিকিৎসক দেখিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে যশোর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটানোর সময় দ্রুতগতির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।