আশাশুনিতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি: শেখ গোলাম কুদ্দুছ ময়নার বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর ছবি প্রচারের বিষয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার (৩১ অক্টোবর) আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দরগাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এহসান আলী লিখিত বক্তব্যে বলেন, উপজেলা কৃষক লীগের সহসভাপতি শেখ গোলাম কুদ্দুছ ময়না ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার যে দাবি করেছেন, তা মিথ্যা। তিনি ইউনিয়ন বিএনপির কোনো পর্যায়ের সদস্য ছিলেন না এবং দলীয় কর্মকা-েও অংশ নেননি।
এহসান আলী আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ময়নার ছবি এআই দিয়ে তৈরি নয়। আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ও দলীয় কর্মকা-ে সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বিভিন্ন ছবি ও নির্বাচনী প্রচারপত্রের কথা উল্লেখ করেন তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিএনপির মনোনয়ন দেওয়ার চেষ্টা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকর আলী ও উপজেলা বিএনপির নেতা শেখ তারিকুল বাশিরের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে ময়নার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









