বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্থার কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবদুস সবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। পরে সংস্থার সদস্য ও উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

Ads small one

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

পত্রদূত ডেস্ক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অধিদপ্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী আয়োজনের পঞ্চম দিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস।

বক্তব্যে সঞ্জীত কুমার দাস বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। একইভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অধিদপ্তরের প্রশিক্ষক ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার এলাকায় তিনি এ গণসংযোগ করেন।

শেখ জিল্লুর রহমান জেলা জাসাসের আহ্বায়ক। গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় নির্মিত হলো জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরায় নির্মিত হলো জনসচেতনতামূলক চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’

পত্রদূত ডেস্ক: ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাতক্ষীরায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’। ঘাসফড়িং ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন মো. আসিফুল আলম (আসিফ)।

সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাসহ শহরের কয়েকটি স্থানে চলচ্চিত্রটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন এবং কর্মসূচি সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় ও সহযোগিতা করেছেন জিয়াউল হক (জিয়া), খালেদুর রহমান (বাচ্চু), ছন্দা, মনিরুল ইসলাম (মনির), মনিরা, আফরিন, বিজলি, মিম, তাসমিন, মায়া, মায়মুনা, ফাতেমা, আল-আমিন ও নয়নসহ অনেকে। ফ্যামিলি কার্ডের তথ্যকর্মী, ক্যামেরাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও চিত্রায়ণে সহযোগিতা করেন।

চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় রয়েছেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. মশিদুল হক। এ ছাড়া বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সহযোগিতা করেছে।

পরিচালক মো. আসিফুল আলম জানান, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় চিত্রায়ণ সফলভাবে সম্পন্ন হয়েছে।