গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন: রাশেদ প্রধান
এস এম বিপ্লব হোসেন: গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, লংমার্চ শেষে তিনি খুলনা বিভাগের ১০টি জেলা সফর করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেওয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী কর্মসূচিগুলোতে বেশি সাড়া পাওয়া গেছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে অনেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন। এ সময় মানুষের কণ্ঠে একদফা আন্দোলনের দাবিও শোনা গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনে যেতে বাধ্য হবেন উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, সংসদে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তাঁরা। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও তাঁরা আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে কোনো নির্বাচন আয়োজনের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, যাতে দেশে আবার স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে।
মতবিনিময় সভায় তিনি সাতক্ষীরাবাসীকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।









