কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ (Wincerex) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়ার আনোয়ার আলীর ছেলে নুরুজ্জামান (৪৪) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী উত্তরপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫১)।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা ১০০ বোতল উইনকেরেক্স উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সহকারী পুলিশ সুপার ও সিপিসি-১, সাতক্ষীরার স্কোয়াড কমান্ডার মো. শাহজাহান জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।









