কেশবপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন সাংবাদিক রুস্তম আলী। সোমবার (২ নভেম্বর) তিনি যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কেশবপুর আমলি আদালতে মামলাটি করেন। মামলার নম্বর সি.আর. ৭৩৩/২৬।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রভাতফেরি ও দৈনিক যশোর বার্তা পত্রিকায় রুস্তম আলীকে নিয়ে মনগড়া, বিদ্বেষমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়। এতে তাঁর বক্তব্য নেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী রুস্তম আলীর অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের কোনো ঘটনা না ঘটলেও সংবাদে সে ধরনের তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
মামলায় বিবাদী করা হয়েছে দৈনিক প্রভাতফেরির কেশবপুর প্রতিনিধি মাহাবুবুর রশিদ সবুজ এবং দৈনিক যশোর বার্তার কেশবপুর প্রতিনিধি জেবা খানকে।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।






