সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কলারোয়ায় পাটের গুদামে আগুন, পুড়ল ৬৫ লাখ টাকার পাট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
কলারোয়ায় পাটের গুদামে আগুন, পুড়ল ৬৫ লাখ টাকার পাট

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পাটের একটি গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়সংলগ্ন গুদামটিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।

গুদামটির মালিক স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধু। তিনি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়ারা গুদামের দিক থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে মালিক গোলাম ফারুক মধু ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন।

খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গুদামে মজুত সব পাট পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা-ও জানা যায়নি।

গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, গুদামটিতে বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বা অগ্নিসংযোগ বলে সন্দেহ করছেন তিনি। তাঁর দাবি, গুদামে প্রায় ১ হাজার ৩০০ মণ পাট মজুত ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা।

তিনি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Ads small one

সাতক্ষীরায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা সংস্থার শীতবস্ত্র হস্তান্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা সংস্থার শীতবস্ত্র হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার সকালে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসক কাউছার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে।

শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্কদের শীতজনিত কষ্ট লাঘবে গরম কাপড়ের প্রয়োজনীয়তা বিবেচনায় আশা সংস্থার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম রানা, আরএম ফরিদুল ইসলাম, এ বি এম পলাশ কুমার, শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, সদর শাখা ব্যবস্থাপক আবু সাঈদ, আব্দুস সাত্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করবে। পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবে। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

শিক্ষার মানোন্নয়নে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়নে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. এনামুল হক। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে বিদ্যালয়ের দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন বিদ্যালয় পরিদর্শক। নথিপত্রের যথাযথ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষা কক্ষ ও ক্যাম্পাস ঘুরে দেখেন অধ্যাপক এনামুল হক। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠে মনোযোগী করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান করা বিষয় থেকেই প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক।

বিদ্যালয়ের শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থা ঘুরে দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় শিক্ষার্থী ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রশংসা করেন। আগামী শিক্ষাবর্ষগুলোতেও পাঠদান কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের নেতৃত্বে শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম পরিদর্শকের নজর কাড়ে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের ধারাবাহিক উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা বোর্ডের এ ধরনের আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ে জবাবদিহি, দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

Oplus_131072

এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বস্তুটি কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।